Published : 18 Nov 2025, 02:36 PM
টিকটক ব্যবহারকারীরা এখন থেকে অ্যামাজন মিউজিকের গানসহ বিভিন্ন কনটেন্ট সরাসরি প্ল্যাটফর্মটিতে শেয়ার করতে পারবেন।
প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চকে দেওয়া তথ্য অনুযায়ী, টিকটক ধীরে ধীরে একটি নতুন ফিচার চালু করছে যার মাধ্যমে অ্যামাজন মিউজিকের ভেতর থেকে সরাসরি শেয়ার করা যাবে গান, অ্যালবাম, প্লেলিস্ট ও ব্যক্তিগত লিসেনিং হাইলাইটস।
অ্যামাজন মিউজিক অ্যাপে এখন নতুন করে দেখা যাবে ‘শেয়ার টু টিকটক’ বাটন। এই বাটন চাপলেই ব্যবহারকারীরা তাদের শোনা নির্দিষ্ট কোনো ট্র্যাক, অ্যালবাম, প্লেলিস্ট, কিংবা ‘অ্যামাজন মিউজিক ইনসাইটস’-এর ব্যক্তিগত পরিসংখ্যান সরাসরি টিকটকে শেয়ার করতে পারবেন।
অ্যামাজন মিউজিক ইনসাইটস নিজেই একটি নতুন পার্সোনালাইজড ফিচার, যেখানে শ্রোতারা নিজেদের শোনার অভ্যাস ও পরিসংখ্যান বিস্তারিতভাবে দেখতে পারেন। এতে ‘মান্থলি রিক্যাপস’ নামে একটি বিভাগ আছে যেখানে মাস জুড়ে সবচেয়ে বেশি শোনা শিল্পী, গান, পডকাস্ট ও মোট লিসেনিং টাইম আলাদাভাবে দেখানো হয়। এখন থেকে এই সব পরিসংখ্যানও সরাসরি টিকটকে শেয়ার করা যাবে।
এর আগেই টিকটক প্ল্যাটফর্মে স্পটিফাই ও ‘অ্যাপল মিউজিক’ এর জন্য ‘শেয়ার টু টিকটক’ ফিচার যুক্ত ছিল। নতুন আপডেটের ফলে এখন সেই তালিকায় যুক্ত হলো অ্যামাজন মিউজিকও।
টিকটক বলছে, এই নতুন ফিচার আসলে তাদের ও অ্যামাজন মিউজিকের বিদ্যমান অংশীদারিত্বেরই একটি সম্প্রসারিত রূপ। এর আগে ‘অ্যাড টু মিউজিক অ্যাপ’ ফিচারের মাধ্যমে টিকটকে শোনা কোনো গান পছন্দ হলে সেটি সরাসরি অ্যামাজন মিউজিকসহ অন্যান্য বড় মিউজিক স্ট্রিমিং অ্যাপে সেইভ করার সুযোগ দিত টিকটক।
সংগীতজগতে কোন গান চার্টের শীর্ষে যাবে তা নির্ধারণে টিকটকের প্রভাব এখন সুপরিচিত। তাই ‘শেয়ার টু টিকটক’-এ অ্যামাজন মিউজিক যুক্ত হওয়াকে স্বাভাবিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এতে ব্যবহারকারীরা আরও সহজে তাদের প্রিয় গান, শিল্পী ও প্লেলিস্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারবেন।