১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

অ্যাপলের নতুন ‘ভিশন প্রো’ হেডসেটের ঝলক মিলল সরকারি নথিতে

নতুন হেডসেটটিতে স্ট্র্যাপ থাকবে, যা মাথা ও ঘাড়ের ব্যথা কমাতে সাহায্য করবে। এতে আরও থাকতে পারে অ্যাপলের তৈরি পরবর্তী প্রজন্মের শক্তিশালী এম৫ চিপ।

অ্যাপলের নতুন ‘ভিশন প্রো’ হেডসেটের ঝলক মিলল সরকারি নথিতে
নতুন ভিশন প্রো হেডসেট এ বছরের মধ্যেই বাজারে আনতে পারে অ্যাপল। ছবি: এফসিসি/রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2025, 04:28 PM

Updated : 26 Aug 2026, 02:24 PM

অ্যাপলের পরবর্তী প্রজন্মের ভিশন প্রো হেডসেটের ইঙ্গিত মিলেছে নতুন এক সরকারি নথিতে।

গত কয়েক মাস ধরে শোনা যাচ্ছিল নিজেদের ‘ভিশন প্রো’ হেডসেটের নতুন এক সংস্করণ বাজারে আনতে যাচ্ছে অ্যাপল। এবার সেই গুঞ্জন সত্যি হতে চলেছে। সম্প্রতি কোম্পানিটির নতুন ডিভাইসের এক নথি যুক্তরাষ্ট্রের ‘ফেডারেল কমিউনিকেশন কমিশন’ বা এফসিসি’তে জমা দিয়েছে অ্যাপল।

নথি অনুসারে, ‘হেড মাউন্টেড ডিভাইস’ বা মাথায় পরার উপযোগী ডিভাইসের ডায়াগ্রামের একটি ছবি এফসিসি’তে জমা দিয়েছে আইফোন নির্মাতা কোম্পানিটি, যা দেখতে ভিশন প্রো হেডসেটের মতোই বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট ভার্জ।

এ নথিপত্রে খুব বেশি তথ্য না থাকলেও এতে আসন্ন হেডসেটটির মডেল নম্বর উল্লেখ রয়েছে, যা ‘এ৩৪১৬’। নতুন হেডসেটটিতে ওয়াইফাই ৬ সাপোর্ট থাকবে, যা অ্যাপলের আগের ভিশন প্রো হেডসেটের মতোই।

এর আগে জুলাইয়ে মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ প্রতিবেদনে লিখেছিল, এ নতুন ভিশন প্রো হেডসেট এ বছরের মধ্যেই বাজারে আনতে পারে অ্যাপল।

গুঞ্জন উঠেছে, নতুন হেডসেটটিতে নতুন এক স্ট্র্যাপ থাকবে, যা ব্যবহারকারীদের মাথা ও ঘাড়ের ব্যথা কমাতে সাহায্য করবে। এই ডিভাইসে আরও থাকতে পারে অ্যাপলের তৈরি পরবর্তী প্রজন্মের শক্তিশালী এম৫ চিপ।

তবে অ্যাপল কেবল এম৫ চিপওয়ালা নতুন ভিশন প্রো নিয়েই কাজ করছে না, বরং হেডফোনের আরও এক হালকা ও সাশ্রয়ী সংস্করণ নিয়েও কাজ করছে কোম্পানিটি, যার নাম হতে পারে ‘ভিশন এয়ার’। হেডফোনটি ২০২৭ সালে বাজারে আনার পরিকল্পনা করছে কোম্পানিটি।

ধারণা করা হচ্ছে, এমন এক স্মার্ট চশমাও তৈরি করছে অ্যাপল, যা দেখতে মেটার স্মার্ট চশমা ‘রে-ব্যান’-এর মতো এবং এতে থাকবে ভয়েস কন্ট্রোল ও হাতের ইশারায় চশমাটি নিয়ন্ত্রণের সুবিধা।