Published : 11 Jul 2025, 03:28 PM
২০তম বাংলাদেশ অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড শুরু হয়েছে চট্টগ্রাম বিভাগের প্রাথমিক বাছাই পর্বের মধ্য দিয়ে।
শুক্রবার সকালে বন্দর নগরীর পাথরঘাটায় ‘সেন্ট প্ল্যাসিডস স্কুল অ্যান্ড কলেজে’ এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
স্কুল-কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে জ্যোতির্বিজ্ঞান বিষয়ক এই কর্মসূচির আয়োজক বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন।
সকাল ১০টায় স্কুল প্রাঙ্গনে জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
এই আয়োজনে চট্টগ্রামের বিভিন্ন স্কুল থেকে প্রায় একশ প্রতিযোগী অংশগ্রহণ করে। ১৪ থেকে ১৮ বছর বয়সী ছাত্র-ছাত্রীদের জন্য জ্যোতির্বিজ্ঞান বিষয়ক প্রশ্নপত্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা শুরুর আগে নগরীর পাহাড়িকা বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী সুদীপ্তি ইয়াসমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাবার কাছ থেকে এই প্রতিযোগিতার বিষয়ে জেনেছি। জ্যোতির্বিজ্ঞান নিয়ে আমার আগ্রহ আছে। এই প্রথম আমি অ্যাস্ট্রো অলিম্পিয়াডে অংশ নিচ্ছি।”
চট্টগ্রাম কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সেঁজুতি কর্মকার দুই বন্ধুর সঙ্গে বসে মহাকাশ বিষয়ক কিছু সমস্যার বিষয়ে আলোচনা করছিলেন পরীক্ষা শুরুর আগে।
সেঁজুতি কর্মকারের কাছে তার আগ্রহের বিষয় নিয়ে জানতে চাইলে বলেন, “গত বছরও আমি অ্যাস্ট্রো অলিম্পিয়াডে অংশ নিয়েছিলাম। আমার আগ্রহ অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রো ফিজিক্সি এবং কন্সটলেশন (নক্ষত্রমণ্ডল) নিয়ে। এসব বিষয়েই অলিম্পিয়াডে প্রশ্ন করা হয়।”

চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী স্নেহময়ী রায় বন্ধুদের কাছ থেকে জেনে এবারই প্রথম অলিম্পিয়াডে অংশ নিতে এসেছেন। তাই বেশ উচ্ছসিত ছিলেন এই শিক্ষার্থী।
নগরীর দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী তানজিম আহমেদ ইরফান স্বপ্ন দেখেন অলিম্পিয়াডে ভালো কিছু করবেন। এরকম আশাবাদী সব শিক্ষার্থীদের নিয়ে চলে এক ঘণ্টার পরীক্ষা পর্ব।
এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের পরিচালক (অপারেশন) ফরিদউদ্দীন আহমেদ জানান, “অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মাঝ থেকে লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে জুনিয়র গ্রুপ থেকে ১০ জন এবং সিনিয়র গ্রুপ থেকে ১০ জনকে নির্বাচিত করা হয়েছে।
“এই ২০ জন আগামী ২৬ জুলাই ২০২৫ তারিখে ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় বাছাই কার্যক্রমে অংশগ্রহণ করবে।”
এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড উপলক্ষে চট্টগ্রামের বিজ্ঞান সংগঠন ‘স্কাই ওয়াচার্স এসোসিয়েশন‘ এর ক্ষুদে বন্ধুদের পরিবেশনায় গ্যালিলিও এর জীবনভিত্তিক নাটক ‘গ্যালিলিও’ মঞ্চায়িত হয়।
সব শেষে বিজয়ীদের মাঝে সনদপত্র ও মেডেল তুলে দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান লেখক শরীফ মাহমুদ সিদ্দিকী, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষক খালিদ মাহবুব খান, এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের পরিচালক ফরিদউদ্দীন আহমেদ এবং মাসুদুল হাসান জায়েদী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এ আয়োজনের অন্যতম অংশীদার।