০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ইন্টারনেট ব্যবহারে খরচ সবচেয়ে বেশি কোন দেশে?

এখানে অনলাইনে যোগ থাকতে একজন বাসিন্দাকে প্রতি মাসে প্রায় ৪৫৭ দশমিক ৮৪ ডলার দিতে হয়, যা প্রতি মেগাবিটে প্রায় ২৮৯ দশমিক ৭৫ ডলার।

ইন্টারনেট ব্যবহারে খরচ সবচেয়ে বেশি কোন দেশে?
বিশ্বের অনেক দেশেই ইন্টারনেটের দাম তুলনামূলক সাশ্রয়ী। ছবি: ফ্রিপিক

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2025, 11:34 AM

Updated : 26 Aug 2026, 02:28 PM

ইন্টারনেট সংযোগ ব্যবহার করে অনলাইনে থাকার বিষয়টি অনেক সময় বেশ খরচসাপেক্ষ হতে পারে, বিশেষ করে যখন আমাদের অনলাইন কাজের জন্য বেশি ব্যান্ডউইথের প্রয়োজন পড়ে।

তবে অঞ্চলভেদে প্রতি মাসে ব্রডব্যান্ডের জন্য শত শত ডলার পর্যন্ত খরচ হতে পারে। গড় মাসিক ইন্টারনেট প্যাকেজের দামের ভিত্তিতে বিশ্বের কোন কোন দেশে ইন্টারনেট খরচ সবচেয়ে বেশি এবং কোথায় সবচেয়ে কম তার একটি ধারণা মিলেছে ‘বেস্ট ব্রডব্যান্ড ডিলস’-এর এক বিশ্লেষণে।

গোটা বিশ্বে ব্রডব্যান্ড সংযোগের জন্য সবচেয়ে বেশি খরচ করতে হয় দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপমালা ‘সলোমন দ্বীপপুঞ্জ’-এর বাসিন্দাদের। এখানে অনলাইনে যোগ থাকতে একজন বাসিন্দাকে প্রতি মাসে প্রায় ৪৫৭ দশমিক ৮৪ ডলার দিতে হয়, যা প্রতি মেগাবিটে প্রায় ২৮৯ দশমিক ৭৫ ডলার। দেশটিতে কিছু ইন্টারনেট প্যাকেজের দাম প্রায় ২ হাজার ৩০১ ডলার পর্যন্ত পৌঁছায়!

সেই তুলনায় বিশ্বজুড়ে গড় ইন্টারনেট খরচ কেবল ৫৬ ডলার এবং পুরো ওশেনিয়া অঞ্চলের দেশটির গড় খরচ প্রায় ১০৫ ডলার বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট।

সলোমন দ্বীপপুঞ্জের পরেই রয়েছে পূর্ব আফ্রিকার দেশ বুরুন্ডি। দেশটিতে খরচ কিছুটা কম হলেও তা এখনও বেশ বেশি। এখানে ইন্টারনেট ব্যবহারে প্রতি মাসে গড়ে প্রায় ৩০৪ দশমিক ৫৭ ডলার লাগে, যা প্রতি মেগাবিটের জন্য প্রায় ১১৬ দশমিক ৬৬ ডলার। সলোমন দ্বীপপুঞ্জের তুলনায় এটি প্রায় ১৫৩ ডলার কম।

অন্যদিকে, অনেক দেশেই ইন্টারনেটের দাম তুলনামূলক সাশ্রয়ী। সবচেয়ে কম খরচে ইন্টারনেট পাওয়া যায় যথাক্রমে সুদান, আর্জেন্টিনা, বেলারুস, ইউক্রেইন ও মিশরে।

এর মধ্যে সুদানের ইন্টারনেট সবচেয়ে সাশ্রয়ী, মাসে কেবল ২ দশমিক ৪০ ডলার, যা স্থানীয় মুদ্রায় প্রায় ১ হাজার ৩৬৭ সুদানি পাউন্ড। এর পরেই রয়েছে আর্জেন্টিনা, যেখানে গড়ে মাসে ৫ দশমিক ১৭ ডলার খরচে ব্রডব্যান্ড মেলে, যা প্রতি মেগাবিটে গড়ে কেবল শূন্য দশমিক ৩ ডলার। বেলারুসে গড় ১২টি ইন্টারনেট প্যাকেজের ভিত্তিতে মাসিক ইন্টারনেট খরচ প্রায় ৭ ডলার।

অঞ্চলভেদে হিসাব করলে ইন্টারনেট খরচের চিত্র কিছুটা ভিন্ন দেখা যায়। ‘বেস্ট ব্রডব্যান্ড ডিলস’-এর গবেষণায় এসব দেশকে ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে ১৩টি ভাগে ভাগের পাশাপাশি প্রতিটি অঞ্চলের গড় মাসিক ইন্টারনেট খরচ নির্ধারণ করেছেন গবেষকরা।

এর মধ্যে ‘কমনওয়েলথ অফ ইনডিপেনডেন্ট স্টেটস’ বা সিআইএস, যেখানে বেলারুস ও কাজাখস্তান-এর মতো দেশ রয়েছে, সেখানে গড় মাসিক ইন্টারনেট খরচ কেবল ১৬ দশমিক ৪৬ ডলার।

তুর্কমেনিস্তান ছাড়া ওই অঞ্চলের বাকি সব দেশই বিশ্বের সবচেয়ে সাশ্রয়ী ইন্টারনেট সুবিধাওয়ালা ৪০টি দেশের তালিকায় রয়েছে। অন্যদিকে, মধ্য আমেরিকা অঞ্চলে ইন্টারনেটের গড় খরচ সবচেয়ে বেশি, যা প্রতি মাসে প্রায়ে ১০৫ দশমিক ৭২ ডলার।