Published : 01 Aug 2026, 12:57 PM
প্রযুক্তিবিশ্বে এআই নিয়ে প্রতিযোগিতা এখন তুঙ্গে। মাইক্রোসফট ও ওপেনএআইয়ের মতো জায়ান্টরা এআইয়ের নতুন সব ধরনের সমাধান নিয়ে মাঠে নামার সময়ই রেকর্ড আয়ে চাঙ্গা হচ্ছে বিশ্বের প্রযুক্তি খাত।
প্রযুক্তি সংবাদের সাইট ভার্জ লিখেছে, চ্যাটিং, কোডিং ও এজেন্টিক এআই সক্ষমতার সমন্বয়ে এআই ‘সুপার অ্যাপ’ তৈরির কাজ করছে মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট।
এ বছরের শেষেই ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক দুই খাতের জন্যই নতুন অ্যাপটি চালু হবে বলে নিশ্চিত করেছেন মাইক্রোসফট প্রধান সাত্যিয়া নাদেলা।
বুধবার মাইক্রোসফটের আয়-ব্যয়ের হিসাব দেওয়ার সময় নাদেলা বলেছেন, “কোপাইলটের রূপান্তর এখন আর কেবল চ্যাটিংয়ের মধ্যে সীমিত নেই, বরং এখন কো-ওয়ার্ক ও অটো-পাইলটের দিকে দ্রুত ধাবিত হচ্ছে।
“এ প্রান্তিকেই আমরা কোডিংসহ কোপাইলটের সব ধরনের অভিজ্ঞতাকে একই প্ল্যাটফর্মে এনে ‘সুপার অ্যাপ’ উপহার দিতে যাচ্ছি, যা আমাদের জন্য বড় পদক্ষেপ এবং খুব শিগগিরই এ বিষয়ে বিস্তারিত তথ্য সবার সামনে তুলে ধরার অপেক্ষায় রয়েছি।”
মাইক্রোসফটের এআই ‘সুপার অ্যাপ’ তৈরির তথ্য আগেই বাণিজ্য সাময়িকী ফরচুনের এক প্রতিবেদনে প্রকাশ পেয়েছিল।
ওই প্রতিবেদনে উল্লেখ ছিল, নিজেদের কোপাইলট চ্যাটবট, গিটহাব কোপাইলট কোডিং অ্যাসিস্ট্যান্ট, কোপাইলট কো-ওয়ার্ক ও স্বয়ংক্রিয় অটোপাইলট সিস্টেমকে এক ছাতার নিচে আনতে সুসংহত একটি অ্যাপ তৈরি করছে মাইক্রোসফট।
এ প্রতিযোগিতায় পিছিয়ে নেই মূল প্রতিযোগী ওপেনএআই’ও।
সম্প্রতি নিজেদের নতুন ‘চ্যাটজিপিটি ওয়ার্ক’ অ্যাপ চালু করেছে কোম্পানিটি, যেখানে চ্যাটজিপিটির পাশাপাশি তাদের এআই কোডিং টুল ‘কোডেক্স’ যোগ হয়েছে।
এদিকে, বিশ্বজুড়ে এআই ও ক্লাউড সেবার আকাশচুম্বী চাহিদার ওপর ভর করে সাম্প্রতিক প্রান্তিকে মাইক্রোসফটের আয় এক লাফে ৯ হাজার কোটি ডলারে পৌঁছেছে।