Published : 24 Nov 2025, 11:36 AM
‘অ্যাপল সিইও টিম কুক ২০২৬ সালে অবসর নেবেন’ এমন খবর ভুল বলে দাবি করেছে অ্যাপল সংশ্লিষ্ট এক সূত্র।
পাওয়ার অন নিউজলেটারের তথ্য অনুযায়ী, কুকের উত্তরসূরি ঘোষণা বা পদত্যাগ পরিকল্পনা নিয়ে প্রচারিত তথ্য ‘সম্পূর্ণ ভুল’ এবং তা অ্যাপলের দিক থেকে আসেনি।
এর আগের প্রতিবেদনে উল্লেখ ছিল, ২০২৬ সালের শুরুতে কুকের জায়গায় অ্যাপলের হার্ডওয়্যার প্রধান জন টারনাসকে বসাতে যাচ্ছেন। যদিও টারনাস সম্ভাব্য তালিকায় শীর্ষ পছন্দ তবে কুকের নিকট ভবিষ্যতে পদ ছাড়ার কোনো ইঙ্গিত নেই।
প্রযুক্তি সাইট অ্যাপলইনসাইডার লিখেছে, কুক অন্তত বর্তমান মার্কিন প্রেসিডেন্টের মেয়াদ অর্থাৎ ২০২৯ এর জানুয়ারি পর্যন্ত দায়িত্বে থাকতে চান। যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে অ্যাপলের নানা জটিল আলোচনায় তিনি কোম্পানিটির মুখপাত্র হিসেবে কাজ করছেন এবং তিনি চান না তার উত্তরসূরির শুরুতেই সেই চাপ নিতে হোক।
সম্প্রতি ৬৫ বছরে পড়েছেন কুক, তবে তার স্বাস্থ্য বা কর্মক্ষমতা নিয়ে কোনো প্রকাশ্য উদ্বেগ দেখা যায়নি। তিনি যদি ২০২৯ পর্যন্ত দায়িত্বে থাকেন তবে প্রায় ৭০ বছর বয়সে সিইও পদ ছাড়তে পারেন যা বড় করপোরেশনগুলোর ক্ষেত্রে অস্বাভাবিক নয়। উদাহরণ হিসেবে বার্কশায়ার হ্যাথাওয়ের সিইও ওয়ারেন বাফেটের কথা বলা যায়। যিনি ৯৫ বছর বয়সেও দায়িত্বে আছেন।
এ ছাড়া অ্যাপলইনসাইডার লিখেছে, সিইও পদ ছাড়লেও কুক অ্যাপলের বোর্ড চেয়ারম্যান হিসেবে থাকবেন। ফলে নেতৃত্বে পরিবর্তন এলেও কোম্পানির কৌশলগত দিকনির্দেশনায় তার প্রভাব দীর্ঘদিন বজায় থাকবে।