Published : 11 Jul 2026, 06:19 PM
ইনস্টাগ্রামে ব্যবহারকারীদের কনটেন্ট থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কাল্পনিক বা পরিবর্তিত ছবি তৈরির সুযোগ দেওয়া নতুন একটি ফিচার হঠাৎ করেই সরিয়ে নিয়েছে মেটা। প্রাইভেসি নিয়ে তীব্র সমালোচনার কয়েক দিনের মধ্যেই সামাজিক যোগিাযোগ মাধ্যম কোম্পানিটি এই সিদ্ধান্ত নিল।
ফিচারটি ছিল ‘মিউজ ইমেজ’ নামে নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ছবি তৈরির টুলের অংশ। মঙ্গলবার ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা এটি উন্মুক্ত করে।
এই সুবিধায় মেটা এআই চ্যাটবট ব্যবহারকারীরা ইনস্টাগ্রামের উন্মুক্ত অ্যাকাউন্টকে ট্যাগ করে সেসব অ্যাকাউন্টের কনটেন্ট দিয়ে দ্রুত কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে নতুন বা পরিবর্তিত ছবি তৈরি করতে পারতেন।
ফিচারটি চালুর পরপরই ব্যবহারকারীদের প্রাইভেসি নিয়ে উদ্বেগ দেখা দেয়। প্রতিবেদনে বিবিসি লিখেছে, সমালোচনার মুখে “ফিচারটি লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে” এবং এটি “আর পাওয়া যাবে না” বলে ঘোষণা দিয়েছে মেটা।
মিউজ ইমেজ ছিল কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ছবি তৈরির ক্ষেত্রে মেটার প্রথম উদ্যোগ। তবে শুরু থেকেই এটি সমালোচনার মুখে পড়ে, কারণ ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের এতে স্বয়ংক্রিয়ভাবে অন্তর্ভুক্ত করা যাচ্ছিল।
এর ফলে উন্মুক্ত অ্যাকাউন্ট থাকা যে কোনো ব্যক্তির চেহারা বা অবয়ব তার অজান্তে এবং অনুমতি ছাড়াই ব্যবহার করা সম্ভব ছিল।
হলিউডনির্ভর শিল্পীদের সংগঠন স্যাগ-আফট্রা মেটার এই সিদ্ধান্তকে ‘একটি জয়’ হিসাবে বর্ণনা করেছে। এর আগে সংগঠনটি তাদের সদস্যদের পাশাপাশি “ইনস্টাগ্রামের সকল ব্যবহারকারীকে” নিজেদের চেহারা বা অবয়ব সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছিল।
তাদের ভাষায়, “এ ধরনের ব্যবহারের ফলে তৈরি সুস্পষ্ট ঝুঁকি ও ক্ষতি সম্পর্কে এটি ছিল সম্পূর্ণ ভুল হিসাব।”
লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা প্রাইভেসি ইন্টারন্যাশনালও ফিচারটির সমালোচনা করেছে। বিবিসিকে সংস্থাটি বলেছে, “এটি সর্বশেষ প্রমাণ যে কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানিগুলো মানুষের ছবি ও তথ্যকে শোষণের জন্য কাঁচামাল হিসেবে দেখে।”
ফিচারটি প্রত্যাহারের সিদ্ধান্ত ব্যাখ্যা করতে গিয়ে মেটা বলেছে, “আমাদের উদ্দেশ্য ছিল একটি কার্যকর সৃজনশীল টুল দেওয়া এবং মানুষকে তাদের উন্মুক্ত কনটেন্ট এভাবে ব্যবহার করা যাবে কি না, সে বিষয়ে নিয়ন্ত্রণ দেওয়ার সুযোগ তৈরি করা।”
প্রতিষ্ঠানটি আরও বলেছে, “আমরা ব্যবহারকারীদের প্রতিক্রিয়া শুনেছি।”
মিউজ ইমেজ ঘোষণা করার সময় মেটা বলেছিল, শুরুতে এটি শুধু ইনস্টাগ্রামে সীমিত থাকবে। তবে ভবিষ্যতে হোয়াটসঅ্যাপ, ফেইসবুক ও মেসেঞ্জারে আরও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফিচার ও সমন্বয় আনার পরিকল্পনা রয়েছে।
প্রতিষ্ঠানটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ভিডিও তৈরির একটি টুলও তৈরি করছে।
তবে এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হয়নি মেটা।