১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

এখন জিমেইল থেকে পাঠানো যাবে ‘এন্ড টু এন্ড এনক্রিপ্টেড’ মেইল

মাত্র কয়েকটি ক্লিকেই ইনবক্সে এনক্রিপটেড মেসেজ পাঠানো যাবে। ফলে এখন থেকে আর আলাদা সফটওয়্যার ব্যবহারের ঝামেলা থাকছে না।

এখন জিমেইল থেকে পাঠানো যাবে ‘এন্ড টু এন্ড এনক্রিপ্টেড’ মেইল
শুরুতে শুধু এন্টারপ্রাইজ ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন। ছবি: গুগল

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2025, 06:25 PM

Updated : 26 Aug 2026, 02:24 PM

এখন থেকে জিমেইলের মাধ্যমে যে কোনো ইনবক্সে এনক্রিপটেড মেসেজ পাঠানো যাবে। মাত্র কয়েকটি ক্লিকেই এই কাজ করা সম্ভব হবে। ফলে এখন থেকে আর আলাদা সফটওয়্যার ব্যবহার বা এনক্রিপশন সার্টিফিকেট আদান-প্রদানের ঝামেলা থাকছে না।

গুগল বলছে, নতুন এই এনক্রিপশন ফিচারটি শুক্রবার থেকেই বেটা ভার্সনে চালু হয়েছে। আপাতত শুধু একই কোম্পানির ভেতরে থাকা এন্টারপ্রাইজ ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন।

তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে সব ধরনের জিমেইল ব্যবহারকারীর জন্য এটি চালু হবে। এমনকি এ বছরেই থার্ড পার্টি ইমেইল প্রোভাইডারদের ইনবক্সেও এই সেবা পৌঁছাবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট ভার্জ।

বর্তমানে জিমেইলে যে এনক্রিপশন ব্যবস্থা রয়েছে তা এস/এমআইএমই প্রোটোকল-এর ওপর নির্ভরশীল। এতে বহিরাগত প্রাপকের কাছে নিরাপদে ইমেইল পাঠানো সম্ভব হলেও আগে থেকে কনফিগার করতে হয় এবং অনেক ধাপ অনুসরণ করতে হয়। নতুন প্রক্রিয়ায় বিষয়টি অনেক সহজ হবে।

এখন থেকে ব্যবহারকারীরা ইমেইল লেখার সময় ড্রাফট উইন্ডোতে গিয়ে শুধু ‘এডিশনাল এনক্রিপশন’ অপশন চালু করলেই হবে। যদি প্রাপক জিমেইল ব্যবহার না করেন বা তার কাছে এস/এমআইএমই সক্রিয় না থাকে, তাহলে তিনি একটি লিংক পাবেন। সেই লিংকে সাইন ইন করে একটি সীমিত সংস্করণের গুগল ওয়ার্কস্পেসে গিয়ে নিরাপদে মেসেজ পড়তে এবং উত্তর দিতে পারবেন। 

যাদের আগে থেকেই এস/এমআইএমই সক্রিয় আছে, তাদের জন্য আগের মতোই এস/এমআইএমই ব্যবস্থায় ইমেইল যাবে। ব্যবসায়িক ও ব্যক্তিগত দুই ধরনের জিমেইল অ্যাকাউন্টেই এসব মেইল স্বয়ংক্রিয়ভাবে ডিক্রিপট হয়ে যাবে।

গুগল বলছে, এই নতুন এনক্রিপশন ব্যবস্থা সাধারণ ‘ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি’ এর চেয়েও অনেক শক্তিশালী। তবে এটি সম্পূর্ণ এন্ড টু এন্ড এনক্রিপশন নয়। এটি ক্লায়েন্ট সাইড এনক্রিপশনের ওপর ভিত্তি করে কাজ করবে।  

এ পদ্ধতিতে কোম্পানিগুলোর অ্যাডমিনিস্ট্রেটররা ‘এনক্রিপশন কি’ নিয়ন্ত্রণে রাখবেন। প্রয়োজনে তারা কোনো ব্যবহারকারীর অ্যাক্সেস বন্ধ করতে পারবেন বা এনক্রিপটেড ফাইল পর্যবেক্ষণ করতে পারবেন।