২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ইনস্টাগ্রামে অন্যের ‘ক্লোজ ফ্রেন্ডস’ থেকে সরে যাওয়ার সুযোগ আসছে

২০১৮ সালে ফিচারটি চালুর পর থেকে এখন পর্যন্ত নিজেদেরকে অন্য কারো ক্লোজ ফ্রেন্ড তালিকা থেকে সরিয়ে নেওয়ার কোনো সুযোগ ছিল না ব্যবহারকারীদের।

ইনস্টাগ্রামে অন্যের ‘ক্লোজ ফ্রেন্ডস’ থেকে সরে যাওয়ার সুযোগ আসছে
যারা নির্দিষ্ট কিছু মানুষের তালিকায় থাকতে পছন্দ করেন না তাদের জন্য ফিচারটি চমৎকার সংযোজন হবে। ছবি: ফ্রিপিক

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2026, 05:04 PM

Updated : 26 Aug 2026, 02:51 PM

প্রাইভেসি নিয়ন্ত্রণে বড় পরিবর্তন আনছে ইনস্টাগ্রাম। এখন পর্যন্ত নিজেদেরকে অন্য কারো ক্লোজ ফ্রেন্ডস তালিকা থেকে সরিয়ে নেওয়ার কোনো সুযোগ ছিল না। পরিবর্তন আসছে সে সীমাবদ্ধতায়।

এ পরিবর্তনে অন্যের ঘনিষ্ট বন্ধু তালিকায় থাকতে না চাইলে সেখান থেকে ব্যবহারকারী নিজেকে সরিয়ে নিতে পারবেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ।

শুক্রবার এ তথ্য জানিয়েছে ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটা। কোম্পানিটি বলেছে, ফিচারটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং বর্তমানে সবার জন্য পরীক্ষা করা হচ্ছে না।

ইনস্টাগ্রামের এ ‘ক্লোজ ফ্রেন্ডস’ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের স্টোরি, রিলস ও বিভিন্ন পোস্ট সব ফলোয়ারকে না দেখিয়ে কেবল নির্দিষ্ট কিছু মানুষের সঙ্গে শেয়ার করতে পারেন।

তবে ২০১৮ সালে ফিচারটি চালুর পর থেকে এখন পর্যন্ত নিজেদেরকে অন্য কারো ক্লোজ ফ্রেন্ড তালিকা থেকে সরিয়ে নেওয়ার কোনো সুযোগ ছিল না ব্যবহারকারীদের।

ইতালীয় মোবাইল অ্যাপ ডেভেলপার আলেসান্দ্রো পালুজ্জির শেয়ার করা এক স্ক্রিনশট অনুসারে, মেটা ব্যবহারকারীদের সতর্ক করে বলবে, ব্যবহারকারী যদি কারো ‘ক্লোজ ফ্রেন্ডস’ তালিকা থেকে নিজেকে সরিয়ে নেন তবে সেই ব্যক্তি তাকে পুনরায় যোগ না করা পর্যন্ত তার ক্লোজ ফ্রেন্ডদের জন্য দেওয়া বিশেষ পোস্ট দেখতে পাবেন না ব্যবহারকারী।

নিঃসন্দেহে অনেকে এতে মনক্ষুণ্ণ হতে পারেন যদি দেখেন যে কেউ তাদের ‘ক্লোজ ফ্রেন্ডস’ তালিকা থেকে বেরিয়ে গেছেন। তবে যারা নির্দিষ্ট কিছু মানুষের তালিকায় থাকতে পছন্দ করেন না তাদের জন্য ফিচারটি চমৎকার সংযোজন হবে।

এ সুবিধাটি আগে থেকেই রেখেছে ইনস্টাগ্রামের অন্যতম প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম স্ন্যাপচ্যাট, সেখানে ব্যবহারকারীরা চাইলে অন্যের ‘প্রাইভেট স্টোরি’ থেকে নিজেদের সরিয়ে নিতে পারেন।

অন্যান্য অভ্যন্তরীণ প্রোটোটাইপের মতো এ ফিচারটি ইনস্টাগ্রাম আসলে কবে নাগাদ সবার জন্য আনবে বা আদৌ আনবে কি না তা এখনও নিশ্চিত নয়।

তবে কেবল ‘ক্লোজ ফ্রেন্ডস’ আপডেটই নয়, আরও কিছু নতুন ফিচার নিয়ে কাজ করছে ইনস্টাগ্রাম।

এ সপ্তাহের শুরুতে মেটা বলেছে, ইনস্টাগ্রাম, ফেইসবুক ও হোয়াটসঅ্যাপে নতুন সাবস্ক্রিপশন ব্যবস্থা পরীক্ষার পরিকল্পনা করছে তারা। এর মাধ্যমে ব্যবহারকারীরা কিছু বিশেষ ফিচারের সুবিধা পাবেন।

এ সাবস্ক্রিপশনে ঠিক কী কী থাকছে তা বিস্তারিতভাবে মেটা না জানালেও পালুজ্জির মতে, ইনস্টাগ্রামের এ প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিলে ব্যবহারকারীরা আনলিমিটেড অডিয়েন্স লিস্ট তৈরি করতে, কারা তাকে ফলোব্যাক করছে না, সেই তালিকা দেখতে এবং কাউকে না জানিয়েই বা সিন লিস্টে নাম না তুলে অন্যদের স্টোরি দেখতে পারবেন।

মেটা জানিয়েছে, এসব আসন্ন সাবস্ক্রিপশনের মূল লক্ষ্য ব্যবহারকারীদের বিশেষ কিছু ফিচার ব্যবহারের সুযোগ এবং শেয়ারিং ও একে অপরের সঙ্গে যোগের ক্ষেত্রে আরও বেশি নিয়ন্ত্রণ দেওয়া। তবে অ্যাপগুলোর মূল অভিজ্ঞতা বরাবরের মতোই ফ্রি বা বিনামূল্যে রাখবে তারা।