আইফোন ১৭’কে পেছনে ফেলল ক্ষুদ্রতম এই ইউএসবি ড্রাইভ
টাইপ-সি পোর্টওয়ালা আইফোন বা আইফোন ১৫ ও এর পরবর্তী বিভিন্ন মডেলের সঙ্গে সানডিস্কের এই ইউএসবি ড্রাইভ কাজ করবে।
বিশ্বজুড়ে মেমোরি ও স্টোরেজের চড়া দামের এই সময়ে সাধারণ গ্রাহকদের স্বস্তি দিতে বিশ্বের সবচেয়ে ছোট ইউএসবি ড্রাইভ আনল সানডিস্ক।
‘সানডিস্ক এক্সট্রিম ফিট’ নামের নতুন এ ইউএসবি ড্রাইভটি আকারে বুড়ো আঙুলের নখের চেয়েও ছোট ও ওজনে কেবল শূন্য দশমিক এক আউন্স।
প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট প্রতিবেদনে লিখেছে, এই ক্ষুদ্র প্রসেসরটিতে মিলবে সর্বোচ্চ ১ টিবি স্টোরেজ সুবিধা, স্টোরেজে আইফোন ১৭-এর সর্বোচ্চ মডেলকেও হার মানাবে।
সাম্প্রতিক ‘র্যামাগেডন’ বা র্যাম ও স্টোরেজ সংকটের কারণে বিশ্বজুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এসএসডির দাম। এ সময় সাশ্রয়ী ও বিকল্প পথ খুঁজছেন সাধারণ ব্যবহারকারীরা। এ সংকটময় সময়ে বাজারে আলোড়ন ফেলল সানডিস্কের নতুন- ইউএসবি ড্রাইভ।
৬৪ জিবি সংস্করণের জন্য এ ইউএসবি’র প্রাথমিক দাম ৩০ ডলারের কাছাকাছি। অন্যদিকে, ইউএসবি ৩.২ টাইপ-সি ড্রাইভটির সর্বোচ্চ ১ টিবি সংস্করণের দাম ২১৯ ডলার, যা আইফোন ১৭-এর শীর্ষ মডেলের চেয়ে দ্বিগুণ স্টোরেজ সুবিধা দেবে।
তবে দাম বা স্টোরেজ নয়, এর মূল আকর্ষণ এর ক্ষুদ্র আকৃতি।
কী এই সানডিস্ক এক্সট্রিম ফিট?
বিশ্বের সবচেয়ে ছোট ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ হিসেবে সানডিস্ক এক্সট্রিম ফিট ডিভাইসটির ডিজাইন এমন যে, ল্যাপটপ বা ডিভাইসের ইউএসবি পোর্টের সঙ্গে প্রায় সমতলে মিশে থাকে। কেবল ০.৭৩ বাই ০.৫৪ বাই ০.৬৩ ইঞ্চি দৈর্ঘ্য-প্রস্থের এ ড্রাইভটির ওজন ১ আউন্সের দশ ভাগের এক ভাগ।
সানডিস্ক এ ডিভাইসটিকে ‘প্লাগ-অ্যান্ড-স্টে’ প্রযুক্তি হিসেবে বর্ণনা করেছে, অর্থাৎ ল্যাপটপের ইউএসবি পোর্টে তা প্লাগ করে রেখে দিলেও আলাদা করে চোখে পড়ে না। তবে তাৎক্ষণিকভাবে ল্যাপটপের স্টোরেজ সক্ষমতা অনেকটাই বাড়িয়ে দেয়।
সানডিস্কের সিস্টেমস ডিজাইনের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার দীপেশ সিং কোম্পানির ওয়েবসাইটে বিবৃতিতে বলেছেন, “এটা আমাদের তৈরি এ যাবৎকালের সবচেয়ে ক্ষুদ্র ‘এসআইপি’ এবং এই প্রথমবার আমরা উল্লম্ব বা ভার্টিক্যাল টাইপ-সি কানেক্টর তৈরি করেছি।”
ইঞ্জিনিয়াররা বিশেষ এক ‘প্রোপাইটারি ইন্টারপোসার প্রিন্টেড সার্কিট বোর্ড’ ব্যবহার করে এসআইপি’র সঙ্গে লম্বভাবে কানেক্টরটি বসাতে পেরেছেন। আর এ কারণেই এত ক্ষুদ্র আকৃতির ইউএসবি-সি ড্রাইভ তৈরি সম্ভব হয়েছে। এ সাফল্য সহজে আসেনি।
দীপেশ সিং স্মৃতিচারণ করে বলেছেন, “আমরা শুরুতেই বেশ কয়েকটি প্রোটোটাইপ তৈরি করেছিলাম। তবে সেগুলো বারবার ভেঙে যাচ্ছিল।”
সব ধরনের হার্ডওয়্যারগত বাধা পেরিয়েই অবশেষে ‘এক্সট্রিম ফিট’-এর এই দৃষ্টিনন্দন রূপ দিতে পেরেছেন তাদের প্রকৌশলী দল।
সানডিস্ক এক্সট্রিম ফিটের গতি কেমন?
সানডিস্কের এ ক্ষুদ্র ড্রাইভটি ‘এনভিএমই’ এসএসডির মতো অনেক গতি না দিলেও একটি পেনড্রাইভ বা ইউএসবি স্টিকের সাপেক্ষে এটা বেশ দ্রুতগতির। ১২৮ জিবি থেকে ১ টিবি পর্যন্ত চারটি মডেলেই রিড স্পিড পাওয়া যাবে সেকেন্ডে সর্বোচ্চ ৪০০ মেগাবাইট।
সবচেয়ে ছোট ৬৪ জিবি মডেলটির ক্ষেত্রে এই গতি মিলবে সেকেন্ডে ৩০০ মেগাবাইট পর্যন্ত।
অন্যদিকে, এর রাইট স্পিড সাধারণত ১০০ থেকে ২৫০ মেগাবাইটের মধ্যে ঘোরাফেরা করে, যা ফ্ল্যাশ ড্রাইভের জন্য যথেষ্ট ভালো। ছবি বা অন্যান্য ছোট আকারের ফাইল আদান-প্রদানের জন্য এ গতি আদর্শ। তবে, কেউ যদি নিয়মিত বড় আকারের ফোরকে ভিডিও ফাইল আদান-প্রদান তবে তার জন্য পোর্টেবল এসএসডি ব্যবহার করাই ভালো হবে।
আইফোনের সঙ্গে কি এটা সামঞ্জস্যপূর্ণ?
ইউএসবি ড্রাইভটি আইফোনে ব্যবহার করা যায় তবে সব মডেলে নয়। টাইপ-সি পোর্টওয়ালা আইফোন বা আইফোন ১৫ বা তার পরবর্তী বিভিন্ন মডেলের সঙ্গে সানডিস্ক এক্সট্রিম ফিট সরাসরি কাজ করে।
তবে কেউ চাইলে ‘টাইপ-সি টু লাইটনিং অ্যাডাপ্টার’ ব্যবহার করে লাইটনিং পোর্টওয়ালা পুরানো আইফোনেও এটা চালাতে পারবেন। আইফোনের নিজস্ব ‘ফাইলস’ অ্যাপ ব্যবহার করে খুব সহজেই এই ড্রাইভে ফাইল আদান-প্রদান করা সম্ভব।
