১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

হোয়াটসঅ্যাপে রিয়াল-টাইম অনুবাদ ফিচার চালু করল মেটা

এ ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপে কেউ অন্য ভাষায় মেসেজ পাঠালে, সেই মেসেজটি সঙ্গে সঙ্গেই ব্যবহারকারীর নিজের ভাষায় অনুবাদ হবে।

হোয়াটসঅ্যাপে রিয়াল-টাইম অনুবাদ ফিচার চালু করল মেটা
তিনশ কোটিরও বেশি ব্যবহারকারীর মধ্যে ভাষার বাধা দূর করতে সাহায্য করবে এ ফিচার। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2025, 07:18 PM

Updated : 26 Aug 2026, 02:21 PM

হোয়াটসঅ্যাপে রিয়াল-টাইম অনুবাদ ফিচার চালু করেছে মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা।

এ ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপে কেউ অন্য ভাষায় মেসেজ পাঠালে, সেই মেসেজটি সঙ্গে সঙ্গেই ব্যবহারকারীর নিজের ভাষায় অনুবাদ হবে। এতে বিভিন্ন ভাষাভাষী মানুষের মধ্যে চ্যাটিং আরও সহজ হবে।

মঙ্গলবার মেটা বলেছে, হোয়াটসঅ্যাপে নতুন এক অনুবাদ ফিচার চালু করছে তারা, যার উদ্দেশ্য তিনশ কোটিরও বেশি ব্যবহারকারীর মধ্যে ভাষার বাধা দূর করতে সাহায্য করা।

প্রাথমিকভাবে অনুবাদ ফিচারটি অ্যান্ড্রয়েড ডিভাইসে ৬টি ভাষায় ও আইফোনে ১৯টি ভাষায় ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। তবে ভবিষ্যতে এ ফিচারে মেটা আরও ভাষা যোগ করবে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স। যে ১৯টি ভাষার তালিকা হোয়াটসঅ্যাপ দিয়েছে, তাতে বাংলা নেই।

এক ব্লগ পোস্টে মেটা বলেছে, “ফিচারটি এমনভাবে তৈরি হয়েছে, যাতে আপনার চ্যাটিংয়ের প্রাইভেসি সুরক্ষিত থাকে। ফলে আপনার মেসেজের অনুবাদ ক্লাউডে নয়, বরং সরাসরি আপনার ফোনেই হবে, যেখানে হোয়াটসঅ্যাপ এসব মেসেজ দেখতে পাবে না।”

ব্যবহারকারীরা কোনো মেসেজের ওপর ‘লং-প্রেস’ বা দীর্ঘক্ষণ চেপে ধরে থাকলে ‘ট্রান্সলেট’ অপশনটি আসবে, এরপর তাতে ট্যাপ করে যে কোনো বার্তা অন্য ভাষায় অনুবাদ করতে পারবেন। ব্যক্তিগত চ্যাটিং, গ্রুপ চ্যাট ও চ্যানেল আপডেট সব ক্ষেত্রেই কাজ করবে ফিচারটি।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা চাইলে পুরো চ্যাটিংয়ের জন্য স্বয়ংক্রিয় অনুবাদ ব্যবস্থা চালু করতে পারবেন। ফলে ভবিষ্যতের সব মেসেজ স্বয়ংক্রিয়ভাবেই অনুবাদ হয়ে যাবে। এতে করে বারবার ‘ট্রান্সলেট’ চাপতে হবে না।