Published : 17 Nov 2025, 04:42 PM
আগের যে কোনো সময়ের চেয়ে এখন উত্তরসূরি বা পরবর্তী সিইও নির্বাচন নিয়ে বেশি গুরুত্ব দিচ্ছে অ্যাপল। ২০১১ সাল থেকে অ্যাপলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। তার বয়স এখন ৬০-এর কোঠায়।
বিভিন্ন প্রযুক্তি কোম্পানি সাধারণত আগে ভাগেই আগামী নেতৃত্ব নিয়ে পরিকল্পনা করে। ফলে স্বাভাবিকভাবেই অ্যাপলও বিবেচনা করছে, ভবিষ্যতে কার হাতে নেতৃত্ব যাবে। তবে এখনই আইফোন নির্মাতা কোম্পানি থেকে সরে যাচ্ছেন না কুক। আগামী কয়েক বছরের মধ্যে অ্যাপলের নেতৃত্বে পরিবর্তন আসতে পারে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট টেকক্রাঞ্চ।
এ সপ্তাহের শুরুতে ব্রিটিশ পত্রিকা ফাইন্যান্সিয়াল টাইমস প্রতিবেদনে লিখেছে, এখন উত্তরসূরি নির্বাচনে গুরুত্ব সহকারে কাজ করছে অ্যাপল।
আগামী বছরের শুরুতেই কুক সিইও পদ থেকে পদত্যাগ বা সরে দাঁড়াতে পারেন এমন সম্ভাবনার জন্য প্রস্তুতি নিচ্ছেন কোম্পানির বোর্ড ও শীর্ষ নির্বাহীরা। এমন পরিবর্তন জানুয়ারির শেষ দিকে অ্যাপলের আয়ের প্রতিবেদন প্রকাশের পরই ঘটতে পারে।
এরপর কোম্পানির নেতৃত্বে নতুন যিনি আসবেন তিনি দলকে নিজের ভূমিকার সঙ্গে মানিয়ে নেওয়ার এবং জুনে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্স’ বা ডব্লিউডব্লিউডিসি’র মতো অ্যাপলের বড় ইভেন্ট শুরুর আগে কাজ ভালোভাবে বুঝে নিতে পারবেন।
২০১১ সালে স্টিভ জবসের পদত্যাগের পর থেকে অ্যাপলের সিইও হিসেবে দায়িত্বে রয়েছেন টিম কুক, যার বয়স এখন ৬৫। অ্যাপলে জবসের চেয়েও বেশি সময় ধরে সিইও হিসেবে কাজ করছেন তিনি। তার নেতৃত্বে অ্যাপলের বাজার মূল্য ৩৫০ হাজার কোটি ডলার থেকে বেড়ে ৪ লাখ কোটি ডলারে পৌঁছেছে।
তবে কোম্পানি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্ষেত্রটিতে সঠিক দিক খুঁজে পেতে বর্তমানে কিছুটা সমস্যায়ও আছে।
ফাইন্যান্সিয়াল টাইমস লিখেছে, এখনও কুকের উত্তরসূরি বা তার পদত্যাগের সময় সম্পর্কে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি অ্যাপল। তবে অ্যাপলের হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জন টার্নাসকে সবচেয়ে সম্ভাব্য নতুন সিইও হিসেবে দেখা হচ্ছে।