Published : 29 Mar 2026, 03:09 PM
অপ্রাপ্তবয়স্কদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক মাধ্যমের ক্ষতিকর প্রভাব থেকে তাদের ঠেকাতে অন্যান্য দেশের তুলনায় আরও কঠোর অবস্থানে যাচ্ছে ইউরোপের দেশ অস্ট্রিয়া।
দেশটির নতুন পরিকল্পনা অনুসারে, ১৪ বছরের কম বয়সী শিশুদের জন্য ফেইসবুক, টিকটক বা ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পূর্ণ নিষিদ্ধ হতে যাচ্ছে।
অস্ট্রেলিয়ার পর এবার ইউরোপের দেশগুলোও শিশুদের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কঠোর আইনি পদক্ষেপ নিতে শুরু করেছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।
অস্ট্রিয়া সরকার বলেছে, অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষায় একগুচ্ছ সমন্বিত পদক্ষেপ গ্রহণ করেছে তারা।
এ বিষয়ে আনুষ্ঠানিক বিল বা খসড়া আইন এ বছরের জুনের শেষ নাগাদ পেশ করা হবে।
অস্ট্রিয়ার ভাইস চ্যান্সেলর ও সোশাল ডেমোক্রেটিক পার্টির নেতা আন্দ্রেয়াস বাবলার বলেছেন, সরকারের এ উদ্যোগের মধ্যে থাকবে নতুন বয়সের সীমাবদ্ধতা, উন্নত মিডিয়া শিক্ষা ও বিভিন্ন সামাজিক মাধ্যমের জন্য সুনির্দিষ্ট নিয়মাবলী।
আসন্ন এসব নিয়ম ঠিক কী হবে তা বিস্তারিত বলেননি দেশটির আইনপ্রণেতারা।
তবে ধারণা করা হচ্ছে, দেশটি অন্যান্য অনেক দেশের পথই অনুসরণ করবে, বিশেষ করে যেসব দেশ এরইমধ্যে এ ধরনের নিষেধাজ্ঞা কার্যকর করেছে বা করার চেষ্টা করছে।
বিশ্বের প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়া ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করেছে। তবে এখন স্পেন ও যুক্তরাজ্যের মতো ইউরোপীয় বিভিন্ন দেশও একই ধরনের বিধিনিষেধের কথা ভাবছে।
অল্প কিছুদিন আগেই ইন্দোনেশিয়া নতুন কিছু নিয়ম অনুমোদন করেছে, যা ১৬ বছরের কম বয়সীদের জন্য টিকটক, ইউটিউব ও রোবলক্স-এর মতো সামাজিক মাধ্যমের ব্যবহার নিষিদ্ধ করবে।
ইন্দোনেশিয়ার এসব নিষেধাজ্ঞা এরইমধ্যে কার্যকর হয়েছে।
তবে দেশটি স্পষ্ট করে বলেছে, সব প্ল্যাটফর্ম এই আইন মেনে না চলা পর্যন্ত এর প্রয়োগ কাজ ধাপে ধাপে সম্পন্ন হবে।