০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

এক্স ছাড়ছেন পণ্য বিভাগের প্রধান নিকিতা বেয়ার

এক বছরের বেশি সময়ে এক্সের অন্যতম পরিচিত নির্বাহী হিসেবে নিজেকে তুলে ধরেছিলেন বেয়ার। এক্সের বেশ কিছু বিতর্কিত পরিবর্তনের নেপথ্যেও ছিলেন তিনি।

এক্স ছাড়ছেন পণ্য বিভাগের প্রধান নিকিতা বেয়ার
উপদেষ্টা হিসেবে কোম্পানিটির সঙ্গে যুক্ত থাকবেন তিনি। ছবি: এক্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2026, 03:42 PM

Updated : 19 Sep 2026, 02:33 PM

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ যোগ দেওয়ার এক বছরের মাথায় পণ্য প্রধানের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা নিকিতা বেয়ার।

প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট প্রতিবেদনে লিখেছে, কোম্পানিটিতে তিনি কেবল উপদেষ্টা হিসেবে যুক্ত থাকবেন।

এক্সে দেওয়া এক পোস্টে নিজের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে বেয়ার লিখেছেন, “সময় এসেছে আরেকজনের হাতে দায়িত্ব তুলে দেওয়ার এবং নিজেকে নিজের স্বাভাবিক অবস্থানে ফিরিয়ে আনার, যা একজন নিয়মিত পোস্টকারীর রূপ।”

কোম্পানিটিতে এক বছরের বেশি সময়ে এক্সের অন্যতম পরিচিত এক নির্বাহী হিসেবে নিজেকে তুলে ধরেছিলেন বেয়ার। এক্সের বেশ কিছু বিতর্কিত পরিবর্তনের নেপথ্যেও ছিলেন তিনি।

এর মধ্যে অন্যতম ছিল ‘অ্যাবাউট দিস অ্যাকাউন্ট’ ফিচার যোগ করা, যার মাধ্যমে ব্যবহারকারীদের হিসাবটি কোন দেশ থেকে চালানো হচ্ছে তা দেখায়। ফলে যুক্তরাষ্ট্রভিত্তিক রাজনৈতিক ইনফ্লুয়েন্সার সেজে থাকা বহু জনপ্রিয় অ্যাকাউন্টের আসল পরিচয় প্রকাশ্যে চলে এসেছিল।

সাম্প্রতিক সময়ে কনটেন্ট নির্মাতাদের জন্য এক্সের অর্থায়নের সুযোগ বা ‘মনিটাইজেশন প্রোগ্রাম’ সংস্কারেও মূল ভূমিকা রেখেছেন বেয়ার। এর আওতায় ভুয়া এনগেজমেন্ট ছড়ানো ও অন্যের তৈরি কনটেন্ট চুরি করে পোস্ট করা নির্মাতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয় এক্স।

পরামর্শক হিসেবে পদ সামলানোর কথা বললেও এক্সে দায়িত্ব ছাড়ার পর সামনে নতুন কী কাজ করবেন তা নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি নিকিতা।

এক্স পোস্টে বেয়ার বলেছেন, “এই অ্যাপ পরিচালনা করা ২৪ ঘণ্টার এক নিরবচ্ছিন্ন দায়িত্ব। এখন আমার একটু বিরতি নেওয়ার সময় এসেছে।”

এক্স-এ যোগ দেওয়ার আগে তিনি টিনএজারদের কেন্দ্র করে দুটি জনপ্রিয় বেনামী মেসেজিং অ্যাপ তৈরি করেছিলেন। ২০১৭ সালে তার তৈরি পোলিং অ্যাপ ‘টিবিএইচ’ কিনে নেয় ফেইসবুক এবং ২০২৩ সালে বেনামে প্রশংসা পাঠানোর অ্যাপ ‘গ্যাস’ কিনে নিয়েছে ডিসকর্ড।

পরবর্তীতে দুটি অ্যাপেরই সেবা বন্ধ করে দেওয়া হয়।

বেয়ারের স্থলাভিষিক্ত কে হচ্ছেন বা এক্সের হেড অফ প্রোডাক্ট পদে নতুন কে আসছেন তা এখনও স্পষ্ট নয়। পোস্টে বেয়ার তার দলের কিছু সহকর্মীর প্রশংসা করেছেন, যার মধ্যে এ বছরের শুরুতে হেড অফ ডিজাইন পদে যোগ দেওয়া বেনজি টেইলরও রয়েছেন।

এদিকে, টেইলর বলেছেন, তিনি আপাতত ‘ডিজাইন দল পরিচালনার দিকেই মনোযোগ দেবেন’। তবে বেয়ারের রেখে যাওয়া কাজ সামনে এগিয়ে নিতে তিনি ‘সহযোগিতা করতে মুখিয়ে’ আছেন।