১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এবার এয়ারপডসেই মিলবে ‘লাইভ ট্রান্সলেশন’?

আইওএস ২৬ এর নতুন বেটা ভার্সনে এমন একটি সিস্টেম অ্যাসেট পাওয়া গিয়েছে যা এই ফিচার যুক্ত হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

এবার এয়ারপডসেই মিলবে ‘লাইভ ট্রান্সলেশন’?
এয়ারপডসের এই সফটওয়্যার সরাসরি কথা বলার জন্য ব্যবহার করা হবে। ছবি: অ্যাপল

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2025, 04:36 PM

Updated : 26 Aug 2026, 01:34 PM

অ্যাপলের এয়ারপডসে আইওএস ২৬ এর অংশ হিসেবে শিগগিরই লাইভ ট্রান্সলেশন ফিচার আসতে পারে। 

প্রযুক্তিবিষয়ক সাইট ‘নাইনটুফাইভ ম্যাক’ লিখেছে, আইওএস ২৬ এর নতুন বেটা ভার্সনে এমন একটি সিস্টেম অ্যাসেট পাওয়া গিয়েছে যা এই ফিচার যুক্ত হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

অ্যাসেটের ছবিতে দেখা গিয়েছে একসঙ্গে দুই ইয়ার স্টেম চাপ দিলে একটি জেসচার সক্রিয় হবে। সেখানে ইংরেজি, ফরাসি, জার্মানি এবং পর্তুগিজসহ বিভিন্ন ভাষার শব্দ দিয়ে এয়ারপডসকে ঘিরে রাখা হয়েছে।

ট্রান্সলেশন ফিচার আসার সম্ভাবনাটিকে একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ, অ্যাপল এরইমধ্যে ডব্লিউডব্লিউডিসি ২৫-এ লাইভ ট্রান্সলেশন টুল ঘোষণা করেছিল। যদিও ওই ফিচার এয়ারপডসেও আসবে এমন কথা তখন অ্যাপল বলেনি।

এটি ফেইসটাইম, মেসেজ ও ফোন কলে যুক্ত হতে যাওয়া ফিচারের পরবর্তী স্বাভাবিক ধাপ বলে মনে হচ্ছে। তবে এয়ারপডসের এই সফটওয়্যার মূলত সরাসরি কথা বলার জন্য ব্যবহার করা হবে।     

অ্যাপলের ইয়ারবাডসে এই ধরনের সফটওয়্যার আসার গুঞ্জন এই প্রথম নয়। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ গত মার্চেই এমন ফিচার আসতে পারে বলে খবর প্রকাশ করেছিল। খবরটি এ বছরের ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার কনফারেন্সের অনেক আগেই প্রকাশ করেছিল তারা।

ওয়্যারেবল ডিভাইসগুলো লাইভ ট্রান্সলেশনের জন্য উপযুক্ত। মেটার রে-ব্যান স্মার্ট গ্লাসের মতো পণ্যে এটি এরইমধ্যে দেখা গেছে।

তবে কিছু বিষয় এখনও পরিষ্কার নয়, ফিচারটি পুরোপুরি ইয়ারবাডসেই চলবে নাকি আইফোনের প্রয়োজন হবে তা জানা যায়নি। আইওএস ২৬ এর সঙ্গে যুক্ত থাকায় আইফোনের প্রয়োজন হবে ধরা যায়।

কোন কোন আইফোন মডেলে এটি পাওয়া যাবে তাও এখনো নিশ্চিত নয়, তবে অ্যাপল ইন্টেলিজেন্স সমর্থিত মডেলগুলোতে ফিচারটি আসবে বলে ধারণা করা যায়। আগামী মাসেই অ্যাপলের আইওএস ২৬ আসছে, ফলে অপেক্ষা দীর্ঘ হবে না।