যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যে ‘সল্ট টাইফুন’কে জাতীয় নিরাপত্তা সংকট ঘোষণা
সল্ট টাইফুন হ্যাকার দলটি ২০১৯ সাল থেকে সক্রিয় রয়েছে, এবং এখন পর্যন্ত বিশ্বে ৮০টির বেশি দেশে অন্তত দুইশোটি কোম্পানিকে লক্ষ্য করেছে।
চীনের রাষ্ট্র-সমর্থিত হ্যাকাররা ‘সল্ট টাইফুন’ নামে বড় ধরনের সাইবার হামলা চালাচ্ছে বলে ধারণা করছে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো। এ নিয়ে জরুরি সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের সাইবার সুরক্ষা ও অবকাঠামো নিরাপত্তা সংস্থাসহ একাধিক আন্তর্জাতিক সংস্থা।
যৌথ বিবৃতিতে সংস্থাগুলো বলেছে, এ হামলাকে এখন জাতীয় প্রতিরক্ষা সংকট হিসেবে দেখা হচ্ছে। হ্যাকাররা এমন সব অবকাঠামোকে লক্ষ্য করছে, যা বিশ্বজুড়ে ইন্টারনেট ট্র্যাফিক ও ডেটা আদান-প্রদানের মূলভিত্তি হিসেবে কাজ করে।
সল্ট টাইফুনের হামলায় হ্যাকাররা গুরুত্বপূর্ণ টেলিকমিউনিকেশন নেটওয়ার্কে প্রবেশ করেছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট। তাদের লক্ষ্য গোপন ও সংবেদনশীল তথ্য চুরি করা, টেলিযোগাযোগ ব্যবস্থা অচল করে দেওয়া বা ব্যাহত করা। এ ছাড়াও প্রতিরক্ষা খাতের বিভিন্ন কোম্পানি গুরুতর ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।
যৌথ সতর্কবার্তায় আরও বলা হয়েছে, “চীনের রাষ্ট্র-সমর্থিত সাইবার হামলাকারীরা বিশ্বের বিভিন্ন দেশের নেটওয়ার্ককে লক্ষ্যবস্তু বানাচ্ছে। এর মধ্যে কেবল একটি খাত নয়, বরং আরও অনেক খাত রয়েছে। যেমন– টেলিকমিউনিকেশন, সরকারি সংস্থা, পরিবহন, আবাসন ও সামরিক অবকাঠামো।
“এ নির্দেশনা দেওয়া বিভিন্ন সংস্থা জোরালোভাবে নেটওয়ার্ক রক্ষার দায়িত্বে থাকা সকলকে অনুরোধ করছে, যেন তারা নিজেদের সিস্টেমে ম্যালওয়্যার কার্যকলাপ খুঁজে বের করে এবং সিএসএ-তে উল্লেখিত প্রতিরোধমূলক ব্যবস্থা প্রয়োগ করে। যাতে চীনা ও অন্যান্য সাইবার কার্যকলাপের ঝুঁকি কমানো যায়।”
এ সতর্কবার্তার মধ্যে রয়েছে যুক্তরাজ্যের ‘ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার’ বা এনসিএসসি, জার্মানির ফেডারেল ইন্টেলিজেন্স সার্ভিস ও জাপানের ন্যাশনাল সাইবার অফিস।
সল্ট টাইফুন হ্যাকার দলটি ২০১৯ সাল থেকে সক্রিয় কার্যক্রম চালিয়ে আসছে এবং এখন পর্যন্ত বিশ্বের ৮০টির বেশি দেশের অন্তত দুইশোটি কোম্পানিকে লক্ষ্য বানিয়েছে।
এসব হামলার মধ্যে রয়েছে ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের বিভিন্ন টেলিকমিউনিকেশন কোম্পানির বিরুদ্ধে চালানো একটি অভিযান, যাতে ‘এটিএএ্যান্ডটি, ‘টি-মোবাইল’ ও ‘ভেরাইজন’-এর মতো বড় বিভিন্ন কোম্পানি হামলার কবলে পড়েছিল।
এপ্রিলে মার্কিন তদন্ত সংস্থা এফবিআই ঘোষণা করেছিল, যারা সল্ট টাইফুন হ্যাকার দলটির সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরিয়ে দেওয়ার মতো তথ্য দেবেন তাদের এক কোটি ডলার পুরস্কার দেবে সংস্থাটি।
এফবিআইয়ের সাম্প্রতিক সতর্কবার্তাটি সাইবার সুরক্ষা বিশেষজ্ঞদের জন্য সহায়ক একটি হাতিয়ার হতে পারে। যাতে সাইবার নিরাপত্তা কর্মীরা সল্ট টাইফুন হ্যাকার দলটির সাইবার আক্রমণ শনাক্ত ও ঠেকাতে পারে। এ ছাড়া এতে নির্দেশনা দেওয়া হয়েছে, কীভাবে এ হুমকির মোকাবিলা করতে হবে ও আক্রমণের পর ধাপে কী করণীয়।
