Published : 14 Mar 2026, 03:38 PM
পেইড গেইম কেনার আগে তা পছন্দ হলো কি না তা নিয়ে গ্রাহকদের আর দ্বিধায় থাকতে হবে না। গুগল প্লে স্টোর নিয়ে এসেছে নতুন ফিচার, যার মাধ্যমে এখন থেকে যে কোনো পেইড গেইম কেনার আগেই ফ্রিতে খেলে দেখার সুযোগ মিলবে।
প্রযুক্তি সাইট এনগ্যাজেট লিখেছে, গুগল প্লে স্টোরের এই নতুন এক ফিচারের নাম ‘গেইম ট্রায়াল’। যার মাধ্যমে এখন থেকে যে কোনো পেইড গেইম কেনার আগেই ফ্রিতে কিছুটা সময় খেলে দেখার সুযোগ পাবেন ব্যবহারকারীরা।
বর্তমানে মোবাইলের নির্দিষ্ট কিছু গেইমে এ সুবিধা চালু হয়েছে এবং খুব শিগগিরই পিসিতে থাকা গুগল প্লে গেইমসেও পাওয়া যাবে।
যেসব গেইমে এই সুবিধা আছে সেগুলোর প্রোফাইলে গেলেই ‘ট্রাই’ লেখা বাটন দেখা যাচ্ছে, সেখানে ক্লিক করলে কতক্ষণ ফ্রিতে গেইমটি খেলা যাবে তা-ও ব্যবহারকারীরা দেখতে পাবেন।
জনপ্রিয় সারভাইভাল ও হরর গেইম ‘ড্রেজ’-এ ৬০ মিনিট ফ্রি খেলার সুযোগ দিচ্ছে গুগল। সময় শেষ হয়ে গেলে ব্যবহারকারী চাইলে গেইমটি কিনে নিতে পারবেন বা সেটি ফোন থেকে মুছে ফেলতে পারবেন।
ঘোষণায় গুগল বলেছে, আগামী মাসগুলোতে তারা আরও কিছু পেইড ‘ইন্ডি গেইম’ বা ছোট ও স্বাধীন ডেভেলপারদের তৈরি গেইম বাজারে আনবে। এগুলোর মধ্যে রয়েছে ‘মুনলাইট পিক্স’, ‘স্লেডিং গেইম’ ও ‘লো বাজেট রিপেয়ার্স’।
পাশাপাশি, প্লে স্টোরে নতুন এক বিভাগ বা সেকশন চালু হয়েছে, যেখানে উইন্ডোজ পিসির জন্য বিশেষভাবে তৈরি বিভিন্ন গেইম পাওয়া যাবে। কেউ চাইলে সেই সেকশন থেকে বিভিন্ন গেইম ‘উইশলিস্টে’ রেখে দিতে পারেন, যাতে এসব গেইম যখন ছাড়ে বা সেলে থাকবে তখন তার নোটিফিকেশন পাওয়া যায়।
গুগল এখন ‘প্লে গেইমস সাইডকিক’ নিয়ে আসছে, যা অ্যান্ড্রয়েড গেইমের ওপর লেয়ার হিসেবে থাকবে। এটি গুগলের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই জেমিনাইয়ের মাধ্যম চলবে।
গেল বছর ঘোষণা করা হলেও এখন নির্দিষ্ট কিছু গেইমে এই সুবিধা মিলবে। ‘সাইডকিক’ ফিচারটি ব্যবহারকারীকে আলাদা করে সার্চ না করেই তার গেইমের সঙ্গে সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য ও টুল সামনে এনে দেবে।
তবে কেউ যদি গেইমিংয়ের জন্য এআইয়ের বদলে অন্য মানুষের পরামর্শ পছন্দ করেন তবে প্লে স্টোরের পেইজে থাকা ‘কমিউনিটি পোস্ট’ ফিচারটি ব্যবহার করতে পারেন। বর্তমানে নির্দিষ্ট কিছু গেইমের জন্য ফিচারটি ইংরেজি ভাষায় চালু হয়েছে।