০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

অস্টিনে টেসলার চালকবিহীন রোবোট্যাক্সি সেবা চালু

শুরুতে এসব রাইড কেবল ইনফ্লুয়েন্সার ও বাছাইকৃত কিছু গ্রাহকের জন্য চালু ছিল। এরপর ডিসেম্বর থেকে টেসলা কোনো ড্রাইভার ছাড়াই অস্টিনে পরীক্ষা শুরু করে।

অস্টিনে টেসলার চালকবিহীন রোবোট্যাক্সি সেবা চালু
গেল বছরের জুনে টেক্সাস শহরে সীমিত পরিসরে রোবোট্যাক্সি সেবা চালু করেছিল টেসলা। ছবি: টেসলা

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2026, 05:17 PM

Updated : 26 Aug 2026, 02:47 PM

যুক্তরাষ্ট্রের অস্টিনে কোনো মানুষের সাহায্য ছাড়াই এখন যাত্রীদের রোবোট্যাক্সি সেবা দিচ্ছে মার্কিন ইভি নির্মাতা টেসলা। গাড়ির সামনের সিটে কোনো নিরাপত্তা চালক বা ড্রাইভার ছাড়াই এসব গাড়ি চলছে।

বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে কোম্পানিটির সিইও ইলন মাস্ক লিখেছেন, “অস্টিনে কোনো সেইফটি মনিটর বা চালক ছাড়াই টেসলার রোবোট্যাক্সি রাইড শুরু হয়েছে। এজন্য টেসলা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টিমকে অভিনন্দন!”

পাশাপাশি ইঞ্জিনিয়ারদের উদ্দেশ্যে, বিশেষ করে যারা ‘বাস্তব জগতের এআই নিয়ে কাজ করতে আগ্রহী’ তাদের টেসলা এআই টিমে যোগ দেওয়ারও আহ্বান জানিয়েছেন মাস্ক। তার মতে, এ প্রযুক্তিই ভবিষ্যতে ‘এজিআই বা মানুষের মতো বুদ্ধিমান এআই তৈরির পথে এগিয়ে নিয়ে যাবে’।

প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ লিখেছে, গেল বছরের জুনে টেক্সাস শহরে সীমিত পরিসরে রোবোট্যাক্সি সেবা চালু করেছিল টেসলা, যেখানে সামনের সিটে একজন নিরাপত্তা কর্মী উপস্থিত থাকতেন। শুরুতে এসব রাইড কেবল ইনফ্লুয়েন্সার ও বাছাইকৃত কিছু গ্রাহকের জন্য চালু ছিল। এরপর ডিসেম্বর থেকে টেসলা কোনো ড্রাইভার ছাড়াই অস্টিনে পরীক্ষা শুরু করে, যা মূলত জরুরি প্রয়োজনে মানুষের নিয়ন্ত্রণ নেওয়ার পূর্বপ্রস্তুতি।

তবে অস্টিনে টেসলার সব গাড়ি এখনই পুরোপুরি চালকবিহীন হবে না। টেসলার এআই প্রধান অশোক এলুসোয়ামী বলেছেন, “শুরুতে সাধারণ রোবোট্যাক্সি বহরে বা যেখানে নিরাপত্তা মনিটর থাকবে সেখানে হাতেগোনা কয়েকটি চালকবিহীন গাড়ি যোগ করবে” তারা। সময়ের সঙ্গে সঙ্গে এসব চালকবিহীন গাড়ির সংখ্যা আরও বাড়ানো হবে।

একজন রাইডার এক্স পোস্টে লিখেছেন, এসব রাইডের জন্য ভাড়া নিচ্ছে টেসলা। এ ছাড়া চালকবিহীন এসব গাড়ির ঠিক পেছনে একটি ‘চেজ কার’ বা অনুসরণকারী গাড়ি থাকছে, যা সম্ভবত নিরাপত্তার বিষয়টি পর্যবেক্ষণ করছে।

তবে প্রাথমিক চালকবিহীন বিভিন্ন রাইডের জন্য শুরুতে কোনো ভাড়া নেয়নি ‘জুক্স’ ও ‘ওয়েইমো’র মতো টেসলার প্রতিদ্বন্দ্বী কিছু কোম্পানি।