Published : 11 Apr 2026, 02:38 PM
ব্যবহারকারীদের অসন্তোষ ও সমালোচনার মুখে উইন্ডোজ ১১-এর বিভিন্ন অ্যাপ থেকে কোপাইলট ব্র্যান্ডিং সরাতে শুরু করেছে মাইক্রোসফট।
নোটপ্যাড ও স্নিপিং টুলের মতো জনপ্রিয় টুল থেকে এআই বাটন সরিয়ে ফেলার মাধ্যমে ওএস’কে আরও পরিচ্ছন্ন ও সাবলীল করার উদ্যোগ নিয়েছে কোম্পানিটি।
প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট প্রতিবেদনে লিখেছে, ‘উইন্ডোজ ইনসাইডার’ ব্যবহারকারীদের জন্য নোটপ্যাডে নতুন আপডেট এনেছে মাইক্রোসফট। এ আপডেটে অ্যাপের ভেতর থেকে কোপাইলট ব্র্যান্ডিং ও এর আইকনটি সরিয়ে ফেলা হয়েছে।
পুরানো কোপাইলট মেনুর পরিবর্তে এখন সেখানে ‘রাইটিং টুল’ বা লেখার টুল যোগ করেছে মার্কিন সফটওয়্যার জায়ান্টটি। তবে এসব টুল এখনও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়েই চালিত এবং আগের মেনু ফিচারগুলোর সঙ্গে এগুলোর খুব একটা পার্থক্য নেই।
মাইক্রোসফট আদতে কোপাইলট বাটনের জায়গায় একটি পেন বা কলমের আইকন বসিয়েছে। এ ছাড়া, কোম্পানিটি সেটিংস মেনু থেকেও এআইয়ের উল্লেখ সরিয়েছে।
এখন এসব এআইচালিত রাইটিং টুল বন্ধের অপশনটি ‘অ্যাডভান্সড ফিচারস’ সেকশনের ভেতরে রাখা হয়েছে।
গেল মাসেই প্রথমবারের মতো নিজেদের ‘কোপাইলট’ ব্র্যান্ডিং কমিয়ে আনার ঘোষণা দিয়েছিল মাইক্রোসফট। এআই অ্যাসিস্ট্যান্টটির বিরুদ্ধে আসা সমালোচনার কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।
ব্যবহারকারীরা কোপাইলট খুব একটা পছন্দ করছেন না, বিশেষ করে সব অ্যাপের ভেতরে মাইক্রোসফটের তা জোর করে চাপিয়ে দিয়েছে এবং সব অ্যাপ্লিকেশনে এর কাজের ধরনে মিল না থাকা নিয়ে অনেক ব্যবহারকারীই অভিযোগ করেছেন।
উইন্ডোজ ও ডিভাইসের ইভিপি পবন দাভুলুরি বলেছেন, “উইন্ডোজের কোথায় ও কীভাবে কোপাইলট যোগ হবে সে বিষয়ে আমরা এখন থেকে আরও বেশি সচেতন থাকব।”
মাইক্রোসফট প্রতিশ্রুতি দিয়েছে, তারা অপ্রয়োজনীয় বিভিন্ন জায়গা থেকে কোপাইলট ব্যবহারের সুযোগ সরিয়ে নেবে, যার শুরুটা হচ্ছে নোটপ্যাড, স্নিপিং টুল, ফটোস ও উইজেটস দিয়ে।
প্রযুক্তি সংবাদের সাইট ভার্জ লিখেছে, মাইক্রোসফট এরইমধ্যে নিজেদের ‘স্নিপিং টুল’ থেকেও কোপাইলট বাটনটি সরিয়ে ফেলেছে। কোনো অংশ ক্যাপচারের সময় এখন আর এ বাটনটি দেখা যাচ্ছে না।
মাইক্রোসফট তাদের বিভিন্ন অ্যাপ থেকে অন্তত কোপাইলটের দৃশ্যমান বিভিন্ন চিহ্ন মুছে ফেলার কাজে বেশ দ্রুতই এগোচ্ছে।