১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নতুন অনুবাদ ফিচার আনছে ইউটিউব মিউজিক?

‘ট্রান্সলেট’ অপশনটিতে চাপ দিলে গানের আসল লাইনের নিচে স্বয়ংক্রিয়ভাবে অনুবাদিত ভার্সন দেখা যাবে। অনুবাদটি তৈরি হবে মেশিন ট্রান্সলেশনের মাধ্যমে।

নতুন অনুবাদ ফিচার আনছে ইউটিউব মিউজিক?
ফিচারটি সীমিত সংখ্যক ব্যবহারকারীর জন্য চালু করা হয়েছে। ছবি: গুগল

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2025, 05:04 PM

Updated : 26 Aug 2026, 02:25 PM

ভাষা আলাদা হলেও ভালো গান উপভোগ করা যায় সারাবিশ্বেই, কিন্তু অনেক সময় শ্রোতা জানেনই না প্রিয় সেই গানটির কথায় আসলে কী বলা হচ্ছে। এবার সেই কৌতূহল মেটাতে নতুন উদ্যোগ নিয়েছে ইউটিউব মিউজিক। প্ল্যাটফর্মটি এখন এমন একটি লিরিক ট্রান্সলেশন টুল পরীক্ষা করছে যার মাধ্যমে ভিন্ন ভাষার গানের কথাগুলো অনুবাদ করে বুঝে নেওয়া যাবে।

প্রযুক্তি সাইট অ্যান্ড্রয়েড অথরিটি লিখেছে, ইউটিউব মিউজিকের বর্তমান লিরিক্স ফিচারে এখন পর্যন্ত গানগুলোর কথা কেবল মূল ভাষাতেই দেখা যায় কিন্তু এবার কিছু ব্যবহারকারী লক্ষ্য করেছেন অ্যাপের লিরিক্স ভিউ-তে নতুন একটি ‘ট্রান্সলেট’ অপশন যোগ হয়েছে। 

এই অপশনটিতে চাপ দিলে গানের আসল লাইনের নিচে স্বয়ংক্রিয়ভাবে অনুদিত ভার্সন দেখা যাবে। এই অনুবাদ তৈরি হবে মেশিন ট্রান্সলেশনের মাধ্যমে।

তবে এখন পর্যন্ত ব্যবহারকারীরা নিজেরা অনুবাদের ভাষা বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন না। এটি ডিফল্টভাবে ফোনের সিস্টেম ল্যাঙ্গুয়েজ অনুযায়ী কাজ করবে। চাইলে ব্যবহারকারী ইউটিউব মিউজিক অ্যাপের ভাষা আলাদাভাবে সেট করে পছন্দের অনুবাদ ভাষা নির্ধারণ করতে পারবেন।

ফিচারটি এখনো সীমিত সংখ্যক ব্যবহারকারীর জন্য চালু করা হয়েছে। টেলিগ্রাম ব্যবহারকারী ডিয়েগো প্রথম এই ফিচারটি লক্ষ্য করেছেন। 

অন্যদিকে, রেডিট ব্যবহারকারী আলনসো ডেল জুনকো বলছেন, তিনি একটি পপ-আপ পেয়েছেন যেখানে বলা হয়েছে এই ট্রান্সলেশন ফিচারটি শুধু প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য উন্মুক্ত।

গুগল সাধারণত প্রিমিয়াম গ্রাহকদের জন্যই নতুন ফিচার আগে উন্মুক্ত করে। তবে অনেকেই মনে করছেন, এই ফিচারটি যেহেতু অ্যাক্সেসিবিলিটি বা সহজলভ্যতার অন্তর্ভুক্ত হতে পারে তাই এটি সবার জন্য উন্মুক্ত করা উচিত।

বর্তমানে এটি একটি পরীক্ষামূলক ফিচার, তাই সবাই এখনই পাচ্ছেন না। ইউটিউব মিউজিকের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে ধারণা করা হচ্ছে, গুগল যদি এই ফিচারের প্রতিক্রিয়া ইতিবাচক পায় তাহলে খুব শিগগিরই এটি সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হতে পারে।