১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টিভিতে লেগো, বোগল, টেট্রিসের মতো পার্টি গেইম আনছে নেটফ্লিক্স

এসব গেইম খেলতে চাইলে ‘কিউআর কোড’ স্ক্যান করে ফোনকে কন্ট্রোলারে পরিণত করতে পারবেন ব্যবহারকারীরা।

টিভিতে লেগো, বোগল, টেট্রিসের মতো পার্টি গেইম আনছে নেটফ্লিক্স
নতুন এসব গেইম বন্ধুদের সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে খেলতে পারবেন ব্যবহারকারীরা। ছবি: নেটফ্লিক্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2025, 07:44 PM

Updated : 01 Sep 2026, 09:46 PM

এখন টেলিভিশনে লেগো, বোগল ও টেট্রিস-এর মতো পার্টি গেইম নিয়ে হাজির হচ্ছে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্স।

এ বছরের জানুয়ারিতে নেটফ্লিক্সের সহ-প্রধান নির্বাহী কর্মকর্তা গ্রেগরি পিটার্স বলেছিলেন, ভবিষ্যতে নেটফ্লিক্স এমন কিছু পার্টি ও কো-অপ গেইম চালু করবে, যেগুলো অনলাইনে স্ট্রিম করেই খেলা যাবে।

এবার লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ‘ব্লুমবার্গ স্ক্রিনটাইম’ সম্মেলনে পিটার্স ঘোষণা করেছেন, এ ছুটির মৌসুমেই টেলিভিশনে খেলা যাবে এমন বেশ কয়েকটি পার্টি গেইম উন্মোচন করছে প্লাটফর্মটি।

ঘোষণায় নেটফ্লিক্স বলেছে, “আমরা একেবারে নতুন ধরনের গেইম খেলার অভিজ্ঞতা তৈরি করছি, যা ঠিক শুক্রবার রাতে কোনো শো দেখার মতোই সহজ হবে।”

নতুন এসব গেইম বন্ধুদের সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে খেলতে পারবেন ব্যবহারকারীরা। এসব গেইমের মধ্যে রয়েছে ‘লেগো: পার্টি’। এ গেইমটি ৪০ ডলারের হলেও নেটফ্লিক্সে এটি ফ্রি খেলা যাবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।

আরও থাকছে ‘বোগল পার্টি’ গেইম, যেখানে নির্দিষ্ট সময়ের মধ্যে অগোছালো অক্ষরের গ্রিড থেকে যত বেশি সম্ভব শব্দ খুঁজে বের করতে হবে বন্ধুদের সঙ্গে প্রতিযোগিতা করে খেলতে হবে।

এ ছাড়া রয়েছে ‘পিকশনারি: গেইম নাইট’, যেখানে অনুমান করে বের করতে হয় আপনার বন্ধুরা কী আঁকছেন। ‘টেট্রিস টাইম ওয়ার্প’-এ ব্যবহারকারী ও তার বন্ধুরা টেট্রিস গেইমের বিভিন্ন যুগের সংস্করণ খেলতে পারবেন, বিশেষ করে ১৯৮৪ সালের মূল গেইম থেকে শুরু করে ক্লাসিক ‘গেইমবয়’ সংস্করণ পর্যন্ত।

সবশেষে ‘পার্টি ক্র্যাশার্স: ফুল ইওর ফ্রেন্ডস’-এ ব্যবহারকারীকে গোয়েন্দার ভূমিকায় নামতে হবে ও খুঁজে বের করতে হবে দলের মধ্যে কে ‘পার্টি ক্র্যাশার’। এসব গেইম খেলতে চাইলে ‘কিউআর কোড’ স্ক্যান করে ফোনকে কন্ট্রোলারে পরিণত করতে পারবেন ব্যবহারকারীরা।

এ বছরের শুরুর দিকে নেটফ্লিক্সের গেইমিং উদ্যোগে কিছু সমস্যার ইঙ্গিত মিলেছিল। ওই সময় আগেই ঘোষণা করা ছয়টি গেইমের উন্মোচন বাতিলের পাশাপাশি নিজেদের লাইব্রেরি থেকে ২০টি গেইম সরিয়েও দিয়েছিল কোম্পানিটি, যার মধ্যে ছিল জনপ্রিয় গেইম ‘হেডেস’ও।

এরপর গেইম লাইব্রেরিকে আরও নির্দিষ্টভাবে সাজানোর সিদ্ধান্ত নেয় নেটফ্লিক্স। এখন পার্টি গেইম, শিশুদের জন্য গেইম, জনপ্রিয় টাইটেল ‘গ্র্যান্ড থেফট অটো’ ও নিজেদের অনুষ্ঠান ‘স্ট্রেঞ্জার থিংস’-এর ওপর ভিত্তি করে তৈরি অরিজিনাল গেইমের ওপর গুরুত্ব দিচ্ছে কোম্পানিটি।