Published : 24 Aug 2025, 06:47 PM
এক সময় প্রশ্ন ছিল সাড়ে তিন হাজার মিলিঅ্যাম্প আওয়ার ক্ষমতার ব্যাটারি আদৌ ফোনে ব্যবহার করা যাবে কি না। সেই প্রশ্ন এখন পেরিয়েছে ১০ হাজার মিলিঅ্যাম্প আওয়ারের মাইলফলক। উত্তরটি নিয়ে আসছে রিয়েলমি।
চীনের আলিবাবার যেমন ১১ নভেম্বরের (১১-১১) বিক্রয় উৎসব, যে তারিখটিকে কোম্পানিটি চারটি ১ এর কারণে বলছে সিঙ্গেলস ডে, তেমনি রিয়েলমি’র বার্ষিক বিক্রয় উৎসব অগাস্টের ২৮ তারিখ। ব্র্যান্ডটির ভাষায় এটি ‘বার্ষিক রিয়েলমি ফ্যান ফেস্টিভাল ৮২৮’।
এই ৮২৮ মানে হচ্ছে ৮ মাসের ২৮ তারিখ। উৎসব আগে শুরু হলেও এর সমাপ্তি ঘটে ২৮ অগাস্ট। আর রেওয়াজ অনুসারে ওইদিনই আসে চমক লাগানো সব ঘোষণা।
এবার রিয়েলমি উৎসব উপলক্ষ্যে একটি পণ্য ও একটি রহস্য রেখেছে। পণ্যটি হচ্ছে এই উচ্চক্ষমতার ব্যাটারি।
কোম্পানিটির দাবি, ব্যবহারকারীদের ব্যাটারি নিয়ে দুশ্চিন্তা দূর করতে ও নিরবচ্ছিন্ন শক্তিমত্তাকে নতুনভাবে প্রকাশ করতে নতুন প্রযুক্তির এ ব্যাটারি আনছে তারা।
২৭ অগাস্ট শুরু হতে যাওয়া ৮২৮ আয়োজনে উচ্চক্ষমতার এই ব্যাটারি উন্মোচনের কথা প্রতিবেদনে লিখেছে মোবাইল প্রযুক্তি বিষয়ক সাইট জিএসএমঅ্যারিনা।
রিয়েলমি বলেছে, ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারিটি শতভাগ ফুলসিলিকন অ্যানোড প্রযুক্তিতে সমৃদ্ধ হবে, যা স্মার্টফোনের ইতিহাসে প্রথমবারের মতো ১২০০ ‘ওয়াট-আওয়ারস পার লিটার’ বা ডব্লিউএইচ/এল-এর মতো বিরল এনার্জি ডেনসিটির উদারহরণ তৈরি করবে। এর ফলে ফোনের স্লিম ডিজাইনের সঙ্গে ব্যাটারি সমন্বয় করা সম্ভব হবে। ফলে দীর্ঘমেয়াদে ব্যবহার উপযোগী ব্যাটারি ফোনে জুড়ে দিলেও এতে ফোনকে পাতলা রাখা সম্ভব হবে।
ব্যাটারি প্রযুক্তিতে রিয়েলমির নেতৃত্ব এবারই প্রথম নয় বলে প্রতিবেদনে লিখেছে জিএসএমঅ্যারিনা। গত কয়েক বছর ধরে রিচার্জেএবল ব্যাটারির মানদণ্ড নির্ধারণে ভূমিকা রাখছে ব্র্যান্ডটি। ২০২৪ সালের আয়োজনে তিনশ ২০ ওয়াটের সুপারসনিক চার্জিং সিস্টেম নিয়ে এসেছে তারা, যা কেবল সাড়ে চার মিনিটেই চার হাজার চারশ ২০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি শতভাগ চার্জ করতে পারে।
উচ্চ সক্ষমতার এ ব্যাটারি ছাড়াও ৮২৮ আয়োজনে আরও এক প্রযুক্তি নিয়ে আসছে বলে আভাস দিয়েছে রিয়েলমি। তবে, কোম্পানিটি এ নিয়ে অবলম্বন করছে অসম্ভব গোপনীয়তা। ঠিকঠাক জানার জন্য আর কয়েকটি দিন অপেক্ষা করতেই হবে রিয়েলমি ফ্যানদের।