১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নাইকির স্লাইড: তাপ আর কম্পনে দূর হবে পায়ের ক্লান্তি

হাইপারবুটের মতোই নতুন এসব ‘হাইপারস্লাইড’ ভারী ট্রেনিং বা ওয়ার্কআউটের পর পায়ের পেশি সারানোর কাজে ব্যবহারের উপযোগী করে তৈরি করেছে নাইকি।

নাইকির স্লাইড: তাপ আর কম্পনে দূর হবে পায়ের ক্লান্তি
স্যান্ডেলটি ২৯ সেপ্টেম্বর থেকে বাজারে পাওয়া যাবে। ছবি: হাইপারআইস

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2026, 01:35 PM

Updated : 11 Sep 2026, 03:45 PM

স্পোর্টসওয়্যার জায়ান্ট নাইকি ও রিকভারি গিয়ার নির্মাতা কোম্পানি হাইপারআইস যৌথভাবে নিয়ে এল এক জোড়া নতুন হাই-টেক স্লাইড।

‘নাইকি এয়ার জুম হাইপারস্লাইড’ নামের তাপ ও ভাইব্রেশন প্রযুক্তিসংবলিত স্মার্ট এ স্যান্ডেলটি ভারী কসরত বা অনুশীলনের পর পায়ের পেশির ক্লান্তি দূর করে দ্রুত সতেজ হতে সাহায্য করবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

স্যান্ডেলটি সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে বাজারে পাওয়া যাবে। নাইকি ও হাইপারআইসের ওয়েবসাইট ছাড়াও যুক্তরাষ্ট্রের ‘বেস্ট বাই’ ও ‘ডিকস স্পোর্টিং গুডস’-এর শোরুমে পাওয়া যাবে পণ্যটি।

এর খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ২৪৯ ডলার। হাইপারআইস বলেছে, পেশির রিকভারি পণ্য হওয়ায় যুক্তরাষ্ট্রের গ্রাহকরা চাইলে ‘এফএসএ/এইচএসএ’ ফান্ড ব্যবহার করেও স্যান্ডেলটি কিনতে পারবেন।

কেন এগুলোকে ‘হাই-টেক’ বলা হচ্ছে?

এসব স্লাইডের প্রধান প্রযুক্তিগত আকর্ষণ হচ্ছে ‘হাইপারস্লাইড পডস’, যা প্রতিটি স্লাইডের ওপর চুম্বকের সাহায্যে আটকে থাকে।

কোম্পানির প্রচারপত্র অনুসারে, “এসব পড থেকে নির্দিষ্ট মাত্রায় তাপ ও কম্পন তৈরি হয়, যা নিচ থেকে পায়ের ক্লান্তি দূর করে শিথিলতা এনে দেয় ও সেরে উঠতে সাহায্য করে।”

এতে তিন স্তরের তাপ ও তিন ধরনের ভাইব্রেশন সেটিং রয়েছে। এসব স্লাইড ১০৯ ডিগ্রি ফারেনহাইট থেকে ১১৭ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উত্তপ্ত হতে পারে। তবে স্লাইড ব্যবহারের সময় পায়ে মোজা পরে নেওয়ার পরামর্শ দিয়েছে কোম্পানি দুটি।

উচ্চপ্রযুক্তির এসব স্লাইডের পড ব্লুটুথের মাধ্যমে সরাসরি ‘হাইপারআইস’ অ্যাপের সঙ্গে যোগ করা যাবে। ফলে ব্যবহারকারীরা অ্যাপ থেকেই তাপ ও ভাইব্রেশনের মাত্রা ইচ্ছেমতো পরিবর্তন ও কাস্টমাইজ করতে পারবেন।

অ্যাপ ছাড়া কেবল পডের গায়ে থাকা বোতাম চেপেই এসব সুবিধা নিয়ন্ত্রণ করা সম্ভব। পডের সঙ্গে যোগ সূচক আলো দেখে তাপ, ভাইব্রেশন ও ব্যাটারির সার্বিক চার্জের অবস্থা জানা যাবে।

ব্যবহারভেদে এসব পডের ব্যাটারি স্থায়িত্ব হবে প্রায় এক ঘণ্টা। প্রতিটি রিকভারি সেশন গড়ে ১০ মিনিট হলে একবার সম্পূর্ণ চার্জে তা ছয়বার পর্যন্ত ব্যবহার করা যাবে। টাইপ-সি পোর্টের মাধ্যমে সহজেই পডগুলো চার্জ করা সম্ভব।

নকশা ও সাইজ

পাদুকা হিসেবে এতে ব্যবহৃত হয়েছে নাইকির জনপ্রিয় ‘এয়ার জুম’ সোল, যার ভেতরে রয়েছে আরামদায়ক টেক্সচার্ড কুশন। আগের বিভিন্ন ‘হাইপারবুট’-এর মতোই স্যান্ডেলটি দেখতে বেশ দৃষ্টিনন্দন।

স্লাইডটির স্ট্র্যাপ যেখানে মূল স্যান্ডেলের সঙ্গে মিলেছে, সেখানে গোলাকার আকর্ষণীয় প্যাটার্ন রাখা হয়েছে। স্যান্ডেলটি কালো ও হালকা তামাটে দুই রঙে পাওয়া যাবে।

আন্তর্জাতিক ক্রেতাদের কথা মাথায় রেখে যুক্তরাষ্ট্রের মাপ অনুসারে ‘এম৪/ডব্লিউ৫’ থেকে ‘এম১৮/ডব্লিউ১৯’ পর্যন্ত মোট ১৫টি আকারে স্যান্ডেলটি বাজারে আনা হচ্ছে, যা যুক্তরাজ্য ও ইউরোপীয় মাপেও মিলবে।

হাইপারবুটের মতোই নতুন এসব ‘হাইপারস্লাইড’ ভারী ট্রেইনিং বা ওয়ার্কআউটের পর পায়ের পেশি সারানোর কাজে ব্যবহারের উপযোগী করে তৈরি করেছে নাইকি। তবে ব্যবহারকারী চাইলে যে কোনো সময় সাধারণ পাদুকা হিসেবেও পরতে পারবেন।

প্রযুক্তি পর্যালোচকরা বলছেন, এয়ার-কম্প্রেশন মাসাজ সুবিধার কারণে আগের ‘হাইপারবুট’ অনেকের কাছেই অন্যতম পছন্দের সেলফ-কেয়ার গ্যাজেট হয়ে উঠেছিল। নিয়মিত কম্প্রেশন ব্যবহারের ফলে কেবল যে পায়ের পাতার ক্লান্তি দূর হত তা নয়, বরং উরুর পেশির টান ভাব কমার পাশাপাশি হাঁটুর ব্যথাও লাঘব হত।

নতুন এসব ‘হাইপারস্লাইড’-এ সেই কম্প্রেশন ফিচারটি নেই, বরং বিষয়টি নির্ভর করে কেবল ভাইব্রেশন বা কম্পন প্রযুক্তির ওপর। যারা কম্প্রেশনের চেয়ে ভাইব্রেশন প্রযুক্তির আরামদায়ক স্লাইড পছন্দ করেন এবং দৃষ্টিনন্দন ডিজাইনের গ্যাজেট খোঁজেন তাদের জন্য স্যান্ডেলটি দারুণ বিকল্প হতে পারে।