Published : 15 May 2026, 10:07 AM
কেনাকাটার অভিজ্ঞতা আরও সহজ করতে গ্রাহকদের জন্য বিশেষ শপিং ফিচার এনেছে অ্যামাজন।
এআইচালিত এ অ্যাসিস্ট্যান্টটি গ্রাহকের পছন্দ ও আগের কেনাকাটার ওপর ভিত্তি করে ব্যক্তিভিত্তিক পরামর্শ দেবে ও পণ্যের দামের তুলনা করতে সাহায্য করবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।
প্রাইম মেম্বারশিপ বা বিশেষ কোনো ডিভাইস ছাড়াই এখন থেকে অ্যামাজন অ্যাপ ও ওয়েবসাইটে এ সুবিধাটি বিনামূল্যে ব্যবহার করা যাবে।
আগামী এক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রজুড়ে গ্রাহকদের জন্য বিশেষভাবে কেনাকাটার উপযোগী ‘শপিং ফর অ্যালেক্সা’ চালু করছে অ্যামাজন। এর মানে হচ্ছে, ফিচারটি ব্যবহারের জন্য ‘প্রাইম মেম্বারশিপ’ বা অ্যামাজনের নিজস্ব ‘ইকো’ ডিভাইসের প্রয়োজন নেই।
অ্যামাজন মোবাইল অ্যাপের নিচের মেনু থেকে বা অ্যামাজন ওয়েবসাইটের উপরের আইকনে ক্লিক করে এ ফিচার ব্যবহার করা যাবে।
ওয়েবসাইটের সার্চ বারে সরাসরি প্রশ্ন লিখলেও এ অ্যাসিস্ট্যান্ট তা বুঝে নিয়ে ব্যবহারকারীকে সাহায্য করবে।
অ্যামাজন বলেছে, নতুন এ সেবাটি তাদের জেনএআইচালিত ‘অ্যালেক্সা প্লাস’ ও ২০২৪ সালে আসা শপিং অ্যাসিস্ট্যান্ট ‘রুফাস’-এর সম্মিলিত রূপ, যা ব্যবহারকারীর ‘ইকো ডিভাইস’ ও ‘অ্যামাজন ব্রাউজিং হিস্ট্রি’র ওপর ভিত্তি করে তার পছন্দ-অপছন্দগুলো মনে রাখবে।
ফলে ব্যবহারকারীর ব্যক্তিগত রুচি অনুসারে পণ্য কেনার পরামর্শ মিলবে। আগে কেনা কোনো পণ্যের রেফারেন্স দিয়ে কেনাকাটার বাইরের বিভিন্ন প্রশ্নেরও উত্তর মিলবে এতে।
অ্যামাজন কিছু উদাহরণের মাধ্যমে দেখিয়েছে, এ ‘শপিং ফর অ্যালেক্সা’ ব্যবহারকারীর দৈনন্দিন জীবনে ঠিক কতটা সহায়ক হতে পারে।
যেমন, কেউ যদি স্কুলের কোনো সায়েন্স প্রজেক্ট নিয়ে কয়েকদিন আগেও অ্যালেক্সার সঙ্গে আলোচনা করে তবে সেই পুরোনো আলোচনার সূত্র ধরে প্রজেক্টের জন্য প্রয়োজনীয় জিনিসের তালিকা বা আইডিয়া দিতে পারবে।
ব্যবহারকারীর কেনা কোনো ইলেকট্রনিক পণ্য বা যন্ত্রাংশ, যেমন নির্দিষ্ট মডেলের ডিশওয়াশারের পড যদি ঠিকমতো কাজ না করে তবে অ্যালেক্সা তার কেনাকাটার ইতিহাস দেখে সেটি ঠিক করার উপায় বলে দেবে।
নির্দিষ্ট চাহিদা অনুসারে ব্যবহারকারীর জন্য কোন ল্যাপটপটি সেরা হবে তার পরামর্শ এবং সেই ল্যাপটপটির দাম বাজেটের মধ্যে এলে ‘প্রাইস অ্যালার্ট’ পাঠাবে।
অ্যামাজনের এ নতুন শপিং অ্যাসিস্ট্যান্ট ব্যবহারকারীর জন্য আরও কিছু চমৎকার সুবিধা নিয়ে আসছে, যেখানে সার্চ রেজাল্ট থেকে একাধিক পণ্য বেছে নিয়ে সেগুলোর মধ্যে তুলনা করা এবং কোনো নির্দিষ্ট পণ্যের গত এক বছরের দামের ওঠা-নামার ইতিহাসও দেখে নেওয়া যাবে।
এ ছাড়া ব্যবহারকারীর আগের কেনাকাটার ওপর ভিত্তি করে স্বয়ংক্রিয়ভাবে কার্টে পণ্য যোগ করতে এবং নিয়মিত প্রয়োজনীয় জিনিসগুলো কেনার জন্য নির্দিষ্ট সময়সূচীও তৈরি করে দিতে পারবে।
এ সুবিধার মাধ্যমে বিভিন্ন পণ্যের গুণমান, দাম ও রিভিউ তুলনা করে ব্যক্তিগত শপিং গাইডও বানিয়ে নেওয়া যাবে।
তবে ব্যক্তিগত পছন্দ ও আগের তথ্য বিশ্লেষণ করে কাজ করার জন্য এ ফিচারটি ব্যবহারের সময় ব্যবহারকারীকে অবশ্যই অ্যাকাউন্টে লগ-ইন থাকতে হবে।