Published : 07 Apr 2026, 02:18 PM
স্মার্টফোন জগতে বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে স্যামসাং। দীর্ঘদিনের নিজস্ব স্যামসাং মেসেজেস অ্যাপটি জুলাই থেকে পাকাপাকিভাবে বন্ধ করে দিচ্ছে টেক জায়ান্টটি।
এর পরিবর্তে গ্যালাক্সি ব্যবহারকারীদের জন্য ডিফল্ট মেসেজিং প্ল্যাটফর্ম হিসেবে গুগল মেসেজেস যোগ হচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।
নিজেদের ওয়েবসাইটে একটি ‘পরিষেবা শেষ করার ঘোষণা দিয়েছে’ দক্ষিণ কোরিয়ার স্মার্টফোন নির্মাতা কোম্পানিটি। সেখানে বলা হয়েছে, এ বছরের জুলাইয়ের মধ্যে ‘স্যামসাং মেসেজেস’ অ্যাপটি বন্ধ হয়ে যাবে।
স্যামসাং বলেছে, যারা এখনও এ অ্যাপটি ব্যবহার করছেন তারা যেন ডিফল্ট মেসেজিং অ্যাপ হিসেবে ‘গুগল মেসেজেস’ ব্যবহার শুরু করেন।
যুক্তরাষ্ট্রের স্যামসাং ব্যবহারকারীদের জন্য গুগল মেসেজেস-এ চলে যাওয়া মানে ‘আরসিএস’ মেসেজিং সুবিধা পাওয়া।
এ সুবিধার মাধ্যমে স্মার্টফোনের অপারেটিং সিস্টেম যাই হোক না কেন, উন্নত মানের ছবি ও ভিডিও পাঠানো, গ্রুপ চ্যাটিংয়ে অংশ নেওয়া এবং অপরপক্ষ টাইপ করছে কি না তা রিয়াল-টাইমে দেখা যাবে।
গ্যালাক্সি স্মার্টফোন ব্যবহারকারীরা স্যামসাং মেসেজেস-এর কিছু নিজস্ব কাস্টমাইজেশন সুবিধা হারালেও গুগল মেসেজেস সেই অভাব পূরণ করবে জেমিনাইয়ের মাধ্যমে, যা চ্যাটিংয়ের মধ্যেই ব্যবহারকারীর বিভিন্ন ছবি এডিট বা রিমিক্স করে দেবে।
এসব সুবিধার পাশাপাশি গুগল মেসেজেস ব্যবহার করলে স্যামসাং ব্যবহারকারীরা তাদের স্মার্টফোন, ট্যাবলেট বা স্মার্টওয়াচের মধ্যে খুব সহজে চ্যাটিং আদান-প্রদান করতে পারবেন।
স্যামসাং এখন থেকে কেবল গুগল মেসেজেস ব্যবহার করবে, এতে অবাক হওয়ার কিছু নেই। কারণ কয়েক বছর ধরেই তারা ধীরে ধীরে তাদের নিজস্ব মেসেজিং অ্যাপটি সরিয়ে দিচ্ছিল।
‘গ্যালাক্সি জেড ফোল্ড ৬’ ও ‘ফ্লিপ ৬’ থেকে শুরু করে পরবর্তী ‘গ্যালাক্সি এস২৫’ সিরিজ পর্যন্ত স্যামসাং তাদের ফোনে নিজস্ব মেসেজিং অ্যাপটি আগে থেকেই ইনস্টল করা বন্ধ করে দিচ্ছিল এবং এর বদলে গুগল মেসেজেস দিতে শুরু করে।
স্যামসাং মেসেজেস অ্যাপটি এখনও গ্যালাক্সি স্টোরে পাওয়া যাচ্ছে।
তবে স্যামসাং বলেছে, অ্যাপটি বন্ধ হওয়ার চূড়ান্ত তারিখটি শেষ পর্যন্ত অ্যাপের ভেতরেই জানিয়ে দেবে তারা।