০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

হুয়াওয়ে পণ্যের নবযাত্রা শুরু হল বাংলাদেশে

হুয়াওয়ে বলেছে, এবার তারা স্মার্টফোন, ফোল্ডএবল ফোন, ট্যাবলেট, ওয়্যারএবল গ্যাজেট এবং অডিও পণ্যের বিভিন্ন শ্রেণিতে নতুন ডিভাইস এনেছে।

হুয়াওয়ে পণ্যের নবযাত্রা শুরু হল বাংলাদেশে
স্মার্টফোন, ট্যাবলেট, ওয়্যারএবল ও অডিও ডিভাইসসহ একসঙ্গে ১৩টি নতুন পণ্য উন্মোচনের মাধ্যমে বাংলাদেশের বাজারে ফিরেছে হুয়াওয়ে। ছবি: হুয়াওয়ে

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2026, 10:27 AM

Updated : 19 Sep 2026, 02:24 PM

নতুন রূপে বাংলাদেশের বাজারে ফিরেছে হুয়াওয়ে। স্মার্টফোন, ট্যাবলেট, ওয়্যারএবল ও অডিও ডিভাইসসহ একসঙ্গে ১৩টি নতুন পণ্য উন্মোচনের মাধ্যমে দেশে ডিভাইস ব্যবসার নতুন যাত্রা শুরু করেছে চীনা এই শীর্ষ ব্র্যান্ড।

সোমবার রাজধানীর গুলশানে হুয়াওয়ের কর্পোরেট অফিসে আয়োজিত ‘নাও ইজ ইয়োর স্পার্ক’ শীর্ষক এক অনুষ্ঠানে এসব পণ্যের ঘোষণা আসে। অনুষ্ঠানে সাংবাদিক, প্রযুক্তি ও লাইফস্টাইল ইনফ্লুয়েন্সার এবং ব্যবসায়িক অংশীদাররা উপস্থিত ছিলেন।

হুয়াওয়ে বলেছে, এবার তারা স্মার্টফোন, ফোল্ডএবল ফোন, ট্যাবলেট, ওয়্যারএবল গ্যাজেট এবং অডিও পণ্যের বিভিন্ন শ্রেণিতে নতুন ডিভাইস এনেছে। এর মধ্যে রয়েছে ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘হুয়াওয়ে মেট ৮০ প্রো’, ফোল্ডএবল ফোন ‘মেট এক্স৭’ এবং শিক্ষার্থীদের জন্য তৈরি ‘মেটপ্যাড ১১.৫’।

এ ছাড়া ‘ওয়াচ ফিট ৫ সিরিজ’ নামে নতুন ওয়্যারএবল ডিভাইস এবং সি-ব্রিজ ডিজাইনের ওপেন-ইয়ার অডিও ডিভাইস ‘ফ্রিক্লিপ ২’ উন্মোচন করেছে কেম্পানিটি।

অনুষ্ঠানে হুয়াওয়ে বাংলাদেশের কান্ট্রি হেড এরিক পাং বলেন, “আমরা এমন সব ফ্ল্যাগশিপ পণ্য এনেছি যা গ্রাহকদের উৎপাদনশীলতা, সৃজনশীলতা ও দৈনন্দিন জীবনযাত্রাকে আরও সহজ ও উন্নত করবে।”

অনুষ্ঠানে বাংলাদেশে হুয়াওয়ে ডিভাইসের ন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে ডিএক্স গ্রুপের নামও ঘোষণা করা হয়।

ডিএক্স গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা দেওয়ান কানন বলেন, “হুয়াওয়ের মতো বিশ্বসেরা ব্র্যান্ডের অংশীদার হতে পেরে আমরা গর্বিত এবং দেশব্যাপী শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে এই পণ্যগুলো গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।”

হুয়াওয়ে জানিয়েছে, অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে আসা ডিভাইসগুলো কিনলে গ্রাহকরা জেনুইন ওয়ারেন্টি, আসল পার্টস এবং বিক্রয়োত্তর সেবা পাবেন।