Published : 07 Oct 2025, 05:54 PM
অ্যাপল সম্প্রতি আইওএস ২৬.১ বেটা ২ প্রকাশ করেছে যা এখন পরীক্ষামূলকভাবে আইফোনের কয়েকটি মডেলে ব্যবহার করা যাচ্ছে। এই নতুন আপডেটে সবচেয়ে চোখে পড়ার মতো পরিবর্তন এসেছে অ্যালার্ম ইন্টারফেইসে। এবার সকালে ঘুম থেকে উঠেই অ্যালার্ম বন্ধ করতে শুধু ট্যাপ করলেই হবে না বরং স্লাইড করেই সেটি বন্ধ করতে হবে।
অ্যাপলের জনপ্রিয় ‘স্লাইড টু আনলক’ ফিচারের কথা অনেকেরই মনে থাকার কথা। এটি দিয়ে একসময় আইফোন আনলক করা যেত। ফিচারটি কয়েক বছর আগে সরিয়ে নেয় অ্যাপল। এখন কোম্পানিটি সেই ধারণাকে নতুনভাবে ফিরিয়ে এনেছে। আর এবার তা এসেছে ‘স্লাইড টু স্টপ’ নামে, কেবল অ্যালার্মের জন্য।
এখন থেকে যখন সকালে অ্যালার্ম বাজবে, স্ক্রিনে দেখা যাবে একটি স্লাইড বাটন। ব্যবহারকারীকে সেটি বাম দিক থেকে ডান দিকে টেনে আনতে হবে, তবেই বন্ধ হবে অ্যালার্ম। এই পরিবর্তনের উদ্দেশ্য হলো ঘুমের মধ্যে ভুল করে অ্যালার্ম বন্ধ করা ঠেকানো।
অনেক সময় ব্যবহারকারীরা ঘুমের ঘোরে ভুল করে ‘স্টপ’ বোতাম চেপে অ্যালার্ম বন্ধ করে ফেলেন এবং আবার ঘুমিয়ে পড়েন। নতুন এই ফিচার সেই সমস্যার সমাধান দেবে বলে মনে করা হচ্ছে।
অ্যাপল গত সেপ্টেম্বর মাসে আইওএস ২৬ এনেছে। এতে ফোন, রিমাইন্ডার এবং অ্যালার্ম অ্যাপে বড় ভিজুয়াল পরিবর্তন এসেছে। নতুন আপডেটে ব্যবহারকারীরা এখন নিজেদের মতো করে স্নুজ সময় ঠিক করতে পারেন। এতে এক থেকে ১৫ মিনিট পর্যন্ত যে কোনো সময় নির্ধারণ করা সম্ভব।
আইওএস ২৬-এ স্নুজ ও স্টপ বোতাম দুটো এখন আকারে বড়, ফলে ব্যবহারকারীরা সহজেই ট্যাপ করতে পারেন। তবে, আগের সংস্করণ আইওএস ১৮-এ স্টপ বোতামটি ছিল ছোট এবং স্নুজ বোতামের থেকে দূরে।
এরপর, নতুন সংস্করণে বোতাম বড় হওয়ায় অ্যালার্ম বন্ধ করা সহজ হয়ে যায়। এবার আইওএস ২৬.১ বেটা ২ সংস্করণে অ্যাপল সেই ভুলের আশংকা কমিয়ে এনেছে। এর ফলে ব্যবহারকারীদের জন্য ঘুমের মধ্যে ভুল করে অ্যালার্ম বন্ধ করা অতটা সহজ হবে না।
এখন পর্যন্ত এই নতুন ‘স্লাইড টু স্টপ’ ফিচারটি কেবল বেটা সংস্করণে দেখা যাচ্ছে। অর্থাৎ এটি এখনো পরীক্ষামূলকভাবে চালু আছে এবং সাধারণ ব্যবহারকারীদের জন্য প্রকাশ করা হয়নি।
অ্যাপল আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি এই ফিচারটি চূড়ান্ত বা স্টেবল ভার্সনেও থাকবে কি না। কোম্পানির এক মুখপাত্র কেবল বলছেন, এ বিষয়ে কোনো মন্তব্য করার সময় এখনও আসেনি।
প্রযুক্তি সাইট নিওউইন লিখেছে, অ্যাপল সম্ভবত ব্যবহারকারীদের প্রতিক্রিয়া দেখে সিদ্ধান্ত নেবে অ্যালার্ম বন্ধ করার এই নতুন পদ্ধতি শেষ পর্যন্ত থাকবে কি না। ততদিন পর্যন্ত বলা যায়, অ্যাপল সকালে ঘুম থেকে ওঠার কাজটিকে আরও কঠিন করেই রেখেছে।