Published : 05 Mar 2026, 04:49 PM
টানা তিন দিন নিম্নমুখী সূচক দেখল দেশের বড় পুঁজিবাজার— ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
আগের দিনের মতো সপ্তাহের শেষ লেনদেনের শুরুতেও সূচক ছিল পড়তির দিকে। বিক্রির চাপ বেশি থাকায় লেনদেনের শেষটাও একই ধারায় ছিল; আগের দিনের চেয়ে সূচক হারায় প্রায় ৮৩ পয়েন্ট।
বৃহস্পতিবার দিন শেষে ডিএসইর প্রধান সূচক দাঁড়ায় ৫ হাজার ২৪০ পয়েন্ট। আগের দিন সূচক ছিল ৫ হাজার ৩২৩ পয়েন্ট।
এর আগে মঙ্গলবার ২০৮ পয়েন্ট ও বুধবার ২ পয়েন্ট কমে যায়।
শেষ দিন শেয়ার হাতবদল হয় ৪৫৯ কোটি ৪২ লাখ টাকার, যা আগের দিন ছিল ৫৮২ কোটি ৩৭ লাখ।
এ দিন ব্লক মার্কেটে লেনদেন হয় ২১ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার। আগের দিন এর পরিমাণ ছিল ২৮ কোটি ৩৭ লাখ টাকা।
বেশির ভাগ কোম্পানির শেয়ার দর হারানোর দিনে ডিএসইতে লেনদেনে আসে ৩৯৩টি কোম্পানি। এরমধ্যে শেয়ার দর বাড়ে ৫২টির; কমে ৩০৮টির; আর আগের দরে কেনাবেচা হয় ৫২টি কোম্পানির শেয়ার।
সবচেয়ে বেশি অর্থ লেনদেন হয় ব্যাংক খাতের শেয়ারে; ৮২ কোটি ৬১ লাখ টাকা। এর পরেই ছিল ওষুধ ও রসায়ন খাত, যেখানে লেনদেন হয় ৭৯ কোটি ৬১ লাখ টাকার শেয়ার।
তৃতীয় স্থানে থাকা বস্ত্র খাতে হাতবতল হয় ৪৪ কোটি ৫১ লাখ টাকার শেয়ার।
এদিন সবচেয়ে বেশি দর বাড়ে ইনটেক লিমিটেডর; আগের দিনের চেয়ে প্রায় ৪ শতাংশ। আগের দিনেও একই পরিমাণ দর বেড়েছিল প্রযুক্তি খাতের এ কোম্পানির।
দাম বাড়ার ক্ষেত্রে তাদের পরেই ছিল এসকোয়ার নিট কম্পোজিট ও বিডি থাই ফুড।
এদিন সবচেয়ে বেশি দর হারানো তিন কোম্পানি হলো ফার্স্ট ফাইন্যান্স, প্রাইম ফাইন্যন্স ও আইসিবি ইসলামী ব্যাংক।