Published : 12 Aug 2025, 11:40 PM
দেশের বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সরাসরি তালিকাভুক্ত হতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আবেদন নাকচ করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশন বৈঠকের এ তথ্য পরে সংবাদ বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে।
বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে কমিশনের এ সভা অনুষ্ঠিত হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিএসই তাদের ৩৫ শতাংশ ব্লকড শেয়ার ছেড়ে ডিএসইতে তালিকাভুক্ত হয়ে আবেদন করেছিল।
এ আবেদন বাতিল করার পাঁচটি কারণ দেখিয়েছে বিএসইসি।
সংস্থাটি বলেছে, সরকারি মালিকানাধীন কোম্পানি ছাড়া অন্য কোনো কোম্পানির শেয়ার স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তিতে নিষেধাজ্ঞা রয়েছে।
অন্য কারণগুলো হল
>> ২০ শতাংশ প্রাইভেট প্লেসমেন্ট ও ১৫ শতাংশ পাবলিক প্লেসমেন্টের মাধ্যমে অফলোড বা তালিকাভুক্তির প্রস্তাব ‘এক্সচেঞ্জেস ডিমিউচ্যুয়ালাইজেশন আইন, ২০১৩’ এর সঙ্গে সাংঘর্ষিক;
>> আবেদনকারীর মূল ব্যবসা হতে পরিচালন মুনাফা না থাকা;
>> আবেদনের সঙ্গে ‘ইনফরমেশন ডকুমেন্ট’ বা প্রসপেক্টাস সংযুক্ত না করা;
>> পরিচালনা পর্ষদের সভা ও শেয়ারহোল্ডারদের সাধারণ সভার সিদ্ধান্তের কপি সংযুক্ত না করা।
এ বিষয়ে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘প্রথম কথা হল, আমরা (সিএসই) সরাসরি তালিকাভুক্ত হতে আবেদন করিনি। একটা কনসেন্ট পেলে বাকি প্রক্রিয়া নিয়ে আলাপ-আলোচনা করা যেত। এটি একটি চিঠিতেই সিদ্ধান্ত হওয়ার মত বিষয় না, সামনা-সামনি আলোচনা করলে সব ক্লিয়ার হবে।’’
আবেদন নামঞ্জুর হওয়ায় বিএসইসির সঙ্গে খোলামেলা আলোচনা করতে আগামী সপ্তাহে একটি বৈঠক করতে পারে সিএসই পরিচালক পর্ষদ বলে সংশ্লিষ্টরা বলেছেন।
এছাড়া মঙ্গলবারের সভায় পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের সুপারিশ অনুযায়ী বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫ এর খসড়া অনুমোদন করে কমিশন।
একই সঙ্গে ‘মার্জিন রুলস, ১৯৯৯’ এর বদলে প্রস্তাবিত ‘মার্জিন (রিপিল) রুলস, ২০২৫’ এর খসড়া সভায় অনুমোদন করা হয়।
মার্জিন ঋণ অর্থায়নকারী হিসেবে স্টক ব্রোকার এবং মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজারের জন্য খসড়া ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫’ প্রযোজ্য হবে বলে এদিন সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
খসড়ার উপর মতামত যাচাইয়ে কমিশনের ওয়েবসাইট ও পত্রিকায় প্রকাশ করা হবে।