১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মার্জারে সাধারণ শেয়ারধারীদের স্বার্থ রক্ষার সুযোগ নেই: বাংলাদেশ ব্যাংক

পুঁজিবাজারে পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করার পর সমালোচনার মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের এই ভাষ্য এল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2025, 10:11 PM

Updated : 26 Aug 2026, 02:37 PM

দুর্দশায় পড়া শরিয়াভিত্তিক পাঁচ বেসরকারি ব্যাংককে একীভূত করার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরুর পর শেয়ারধারী সাধারণ বিনিয়োগকারীদের দুঃসংবাদ দিল বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, “পাঁচটি ব্যাংক একীভূতকরণের ক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারীগণের/শেয়ারধারকগণের স্বার্থ সংরক্ষণের বিষয় বিবেচনার আপাতত কোনো সুযোগ নেই। 

“তবে ক্ষুদ্র বিনিয়োগকারীগণের/শেয়ারধারকগণের স্বার্থ রক্ষার্থে তাদের ক্ষতিপূরণ প্রদানের বিষয়টি সরকার বিবেচনা করতে পারে।”

এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের মার্জার প্রক্রিয়া শুরুর কথা জানিয়ে বুধবার এসব ব্যাংকের সব শেয়ার ‘শূন্য’ ঘোষণা করেন গভর্নর আহসান এইচ মনসুর।

ব্যাংকগুলোকে ‘অকার্যকর’ ঘোষণা করে পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে, ব্যবস্থাপনা পরিচালকদের পদত্যাগ করিয়ে প্রশাসক নিযুক্ত করে কেন্দ্রীয় ব্যাংক।

গভর্নর আহসান এইচ মনসুর এক সংবাদ সম্মেলনে বলেন, “সব ব্যাংকের শেয়ারের বিপরীতে সম্পদ হিসাব করলে ৩৫০ টাকা, ৪২০ টাকা করে নেগেটিভ হয়ে গেছে। আমরা তো শেয়ারহোল্ডারদের কাছে উল্টো টাকা দাবি করছি না।

“আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী শেয়ারহোল্ডার মানেই শেয়ারহোল্ডার। তাদের দায় নিতে হবে। যেহেতু পুঁজি নেগেটিভ, তাই সব শেয়ার শূন্য হবে।”

একীভূত হতে চলা পাঁচ ব্যাংকই পুঁজিবাজারে তালিকাভুক্ত। বৃহস্পতিবার শেয়ার লেনদেন স্থগিত করে তারা বিনিয়োগকারীদের বার্তা দেয়।

বিষয়টি নিয়ে সব পর্যায়ে সমালোচনা শুরু হলে সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বাংলাদেশ ব্যাংক বলে, “আন্তর্জাতিক সর্বোত্তম চর্চার সাথে সঙ্গতি রেখে ব্যাংক রেজোলিউশন অধ্যাদেশ প্রণীত হয়। এ অধ্যাদেশে রেজোলিউশনের আওতাধীন ব্যাংকসমূহে আমানতকারী, শেয়ারহোল্ডারসহ বিবিধ পাওনাদারের অধিকারের বিষয়টি সুনির্দিষ্ট করা হয়েছে।

“সবশেষ গত ২৪ সেপেটম্বর  বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত ব্যাংকিং সেক্টর ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির সভায় পাঁচটি সংকটাপন্ন ব্যাংকের শেয়ারহোল্ডারদের রেজোলিউশন প্রক্রিয়ায় ব্যাংকের লোকসানের দায়ভার বহন করতে হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।”

সে বিষয়টি জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, সভার সিদ্ধান্ত অনুযায়ী পাঁচটি ব্যাংক একীভূতকরণের ক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারী বা শেয়ারধারীদের স্বার্থ রক্ষার কোনো সুযোগ ‘আপাতত’ নেই।

মার্জারে যাওয়া ৫ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত

মার্জার: ৫ ব্যাংকের আমানতকারীরা টাকা পাবেন চলতি মাসেই, শেয়ার ‘শূন্য’

মার্জার প্রক্রিয়া শুরু: ৫ ব্যাংকের বোর্ড ভেঙে দিয়ে এমডিদের পদত্যাগের নির্দেশ