তৃতীয় প্রান্তিকে রবির আয় ২২০৭ কোটি টাকা, কমেছে মুনাফা
টেকসই মূলধনী বিনিয়োগের কারণে মুনাফার পরিমাণ সীমিত হচ্ছে, বলেন কোম্পানির ভারপ্রাপ্ত সিইও এম রিয়াজ রশীদ।
চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর তৃতীয় প্রান্তিকে মোট ২ হাজার ২০৭ কোটি টাকা আয়ের কথা জানিয়েছে মোবাইল ফোন অপারেটর রবি। তবে এসময়ে আগের বছরের একই সময়ের চেয়ে মুনাফা কমেছে কোম্পানিটির।
শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে অপারেটরটি জানায়, ভয়েস সেবায় গত প্রান্তিকের তুলনায় আয় বেড়েছে ৬ শতাংশ আর গত বছরের একই প্রান্তিকের তুলনায় প্রবৃদ্ধির এ হার ৮ দশমিক ৭ শতাংশ।
অন্যদিকে ডেটায় গত প্রান্তিকের তুলনায় আয় বেড়েছে ২ দশমিক ৮ শতাংশ এবং গত বছরের একই প্রান্তিকের তুলনায় যা ৩ দশমিক ৮ শতাংশ বেশি।
সবমিলিয়ে চলতি বছরের প্রথম ৯ মাসে রবির আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৬ হাজার ৩৩১ কোটি টাকা বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সবশেষ আর্থিক প্রতিবেদন অনুযয়ী, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে অপারেটরটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.০৬ টাকা, গত বছর একই সময় যা ছিল ০.১৭ টাকা।
টাকার অঙ্কে তৃতীয় প্রান্তিকে কর পরবর্তী মুনাফার মোট পরিমাণ ২৯ কোটি ২০ লাখ টাকা এবং জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন প্রান্তিকে ৫৬ কোটি ৯০ লাখ টাকা।
আয় বাড়লেও নতুন গ্রাহক সংগ্রহের ক্ষেত্রে নির্দিষ্ট মান অনুসরণ করায় গ্রাহক বাড়ার হারে সামান্য নেতিবাচক প্রভাব পড়ার কথা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে রবি জানিয়েছে, তৃতীয় প্রান্তিক শেষে কোম্পানির মোট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ৪৪ লাখে, গত প্রান্তিকের তুলনায় যা শূন্য দশমিক ৩ দশমিক কম।
তবে সবশেষ গ্রাহকের পরিমাণ আগের বছরের একই প্রান্তিকের তুলনায় ২ দশমিক ৫ শতাংশ বেশি।
“গত তিন মাসের তুলনায় ডেটা গ্রাহক সংখ্যা ১ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪ কোটি ১১ লাখে পৌঁছেছে। গত বছরের একই প্রান্তিকের তুলনায় এ বৃদ্ধির হার ৪ দশমিক ৮ শতাংশ। মোট গ্রাহকের ৫০ দশমিক ৯ শতাংশ ফোরজি গ্রাহক নিয়ে ফোরজি সেবায় অগ্রণী অবস্থান বজায় রেখেছে রবি।”
মোবাইল ফোন অপারেটরটি জানিয়েছে, তৃতীয় প্রান্তিকে তাদের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.০৬ টাকা এবং প্রথম ৯ মাসের হিসেবে এটি ০.১১ টাকা।
রবির ভারপ্রাপ্ত সিইও ও সিএফও এম রিয়াজ রশীদ বলেন, “বাজারে আমাদের প্রবৃদ্ধির হারে আমরা আশান্বিত। তবে বড় অঙ্কের মূলধনী বিনিয়োগের ফলে মুনাফার হার আশানুরূপ হচ্ছে না। টেকসই মূলধনী বিনিয়োগের কারণে উচ্চ ডেপ্রিসিয়েশন ও অ্যামের্টাইজেশন ব্যয় মুনাফার পরিমাণ সীমিত করে দিচ্ছে।
“কিন্তু দীর্ঘমেয়াদে টেকসই মুনাফা অর্জন নিশ্চিত করতে এই কর্মকৌশলের কোনো বিকল্প নেই। তবে এই দীর্ঘ যাত্রা শেষে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আমি আমাদের শেয়ারহোল্ডারদের অনুরোধ করব- এই দীর্ঘ যাত্রায় আমাদের সাথে থাকার জন্য।”
টেলিযোগাযোগ শিল্পে রবির প্রতিযোগিতামূলক অবস্থান সম্পর্কে রিয়াজ বলেন, “সেবার মান এবং নেটওয়ার্ক কভারেজের বিবেচনায় গ্রাহকদের সেরা সেবা দিচ্ছে রবি। স্বভাবতই গ্রাহকরা প্রতিনিয়ত আমাদের দিকে ঝুঁকছেন। যার প্রতিফলন হচ্ছে আমাদের মোট গ্রাহকের ৫০ দশমিক ৯ শতাংশ ফোরজি ব্যবহারকারী।”
