‘ডিমিউচুয়ালাইজেশন আইন’ পুনর্মূল্যায়নের দাবি ডিবিএ’র
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও পুঁজিবাজার উন্নয়ন কমিটির চেয়ারম্যানের কাছে দাবিদাওয়া তুলে ধরার কথা বলেছে সংগঠনটি।
স্টক এক্সচেঞ্জ পরিচালনায় এক যুগ আগে বাস্তবায়ন হওয়া ডিমিউচ্যুয়ালাইজেশন আইন নতুন করে পর্যালোচনার দাবি জানিয়েছে স্টক ব্রোকারগুলোর সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।
শেয়ারধারক পরিচালকরাও যাতে স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান হতে পারেন সেই দাবি তুলেছে সংগঠনটি। বিদ্যমান নিয়মে স্বতন্ত্র পরিচালক থেকে স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান নির্ধারণ করা হয়।
ডিবিএ নিজেদের দাবিদাওয়া বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও পুঁজিবাজার উন্নয়ন কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরীর কাছে তুলে ধরে। শনিবার এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে সংগঠনটি।
এ দাবিতে ডিবিএর চিঠি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ও ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যানকেও দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, “ডিএসইর পর্ষদ চেয়ারম্যানসহ স্বতন্ত্র পরিচালকদের রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হচ্ছে। স্বতন্ত্র পরিচালকদের মধ্যে অনেকেই পুঁজিবাজার বহির্ভূতখাত থেকে আসায় পুঁজিবাজার সম্পর্কে তাদের পর্যাপ্ত জ্ঞান ও অভিজ্ঞতা না থাকার ফলে তথ্যবহুল সিদ্ধান্তের নিতে বা পুঁজিবাজারের উন্নয়নে তেমন কোনো ভূমিকা রাখতে সক্ষম হননি।
“আইনের এমন বিধান ও অনুশীলন পুঁজিবাজারকে রাজনীতিকরণের মাধ্যমে তৎকালীন সরকারের এজেন্ডা বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করেছে। এর ফলে বাজারের শৃঙ্খলা নষ্ট হয়েছে। বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়েছে। ডিএসইর প্রাতিষ্ঠানিক ভিত্তি ভেঙে পড়েছে। এমতাবস্থায় আমরা ভবিষ্যতের রাজনৈতিক সরকারের শাসনামলে এরূপ ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা করছি।’’
আইন পর্যালোচনার দাবি তুলে সংগঠনটি বলেছে, “ডিএসই পরিচালনা পর্ষদ ১১ সদস্য বিশিষ্ট হবে, যাদের মধ্যে পাঁচজন স্বতন্ত্র পরিচালক, চারজন ডিএসই শেয়ারহোল্ডার পরিচালক, একজন কৌশলগত বিনিয়োগকারী পরিচালক ও একজন ব্যবস্থাপনা পরিচালক এক্স-অফিসিও হিসেবে পর্ষদে নিযুক্ত হবেন।
“সেইক্ষেত্রে পর্ষদ চেয়ারম্যান এক্স-অফিসিও পরিচালক ব্যতিরেকে অন্য সকল পরিচালকদের জন্য উন্মুক্ত থাকবে এবং পর্ষদ চেয়ারম্যান নতুন বোর্ড গঠনের পর প্রথম সভায় পর্ষদ সদস্যদের দ্বারা নির্বাচিত হবেন।”
২০১৩ সালে ‘এক্সচেঞ্জেস ডিমিউচ্যুয়ালাইজেশন বিল’ সংসদে পাস হয়। বাংলাদেশে স্টক এক্সচেঞ্জগুলোর মধ্যে জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিতে লেনদেনের অধিকার হতে ব্যবস্থাপনা ও মালিকানা পৃথক করা হয়, যা পুঁজিবাজারে ডিমিউচ্যুয়ালাইজেশন নামে পরিচিত।
ডিবিএ দাবি করেছে, রেগুলেটরি সকল কার্যক্রম ব্যবস্থাপনা পরিচালকের এখতিয়ারভুক্ত থাকবে। একইসঙ্গে সিআরও ডিএসই রেগুলেটরি অ্যাফেয়ার্স কমিটির কাছে রিপোর্টিং অব্যাহত রাখবেন।
ডিমিউচ্যুয়ালাইজেশন স্কিম অনুযায়ী প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) সরাসরি রেগুলেটরি অ্যাফেয়ার্স কমিটির (আরএসি) কাছে রিপোর্ট করবেন, তবে ব্যবস্থাপনা পরিচালকের কাছে প্রশাসনিক রিপোর্টিং থাকবে। বিদ্যমান নিয়মে ব্যবস্থাপনা পরিচালক অথবা সিইও’র কাছে সিআরওকে তার কার্যক্রম সম্পর্কিত রিপোর্ট দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই।
ডিএসইসির সাংগঠনিক অর্গানোগ্রাম ডিমিউচ্যুয়ালাইজেশন স্কিম থেকে বাদ দেওয়ার দাবিও জানিয়েছে ডিবিএ।
সংগঠনটি বলছে, ডিএসইর জন্য সুনির্দিষ্ট ও স্থায়ী একটি সাংগঠনিক কাঠামোর রূপরেখা সংশোধন করার ক্ষমতা কেবল ডিএসই বোর্ডের ওপর ন্যস্ত থাকা উচিত, যাতে প্রয়োজনীয় পরিস্থিতি বিবেচনায় সময়োপযোগী ও কার্যকর সিদ্ধান্ত নেওয়া যায়।
১৯৯৩ সালে প্রথম ডিমিউচ্যুয়ালাইজেশনের ধারণা শুরু হয়। বর্তমানে বিশ্বের ৫০টিরও বেশি স্টক এক্সচেঞ্জে ডিমিউচ্যুয়ালাইজেশন সম্পন্ন হয়েছে। এ আইনের মাধ্যমে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা থেকে মালিকানা আলাদা করা হয়। তবে এক যুগ পার হওয়ার পরও পুঁজিবাজার গতিশীল না হওয়ায় ডিমিউচ্যুয়ালাইজেশন আইনের প্রভাব ও ভূমিকা নিয়ে প্রশ্ন অনেকের।
