Published : 12 May 2026, 05:55 PM
বিনিয়োগ খরায় ভুগতে থাকা দেশের বড় পুঁজিবাজারে দুই সপ্তাহের মাথায় লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়েছে।
মঙ্গলবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে ১১০১ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন করে সূচক দাঁড়ায় ৫ হাজার ২২৯ দশমিক ৯৫ পয়েন্ট।
আগের দিন সামান্য পতন শেষে সূচক ছিল ৫ হাজার ২০৫ পয়েন্ট। সেদিন এ বাজারে লেনদেন হয় ৭১৪ কোটি ৯৭ লাখ টাকার।
এর আগে সবশেষ গত ২৮ এপ্রিল ডিএসইতে হাজার কোটি টাকার বেশি লেনদেন হয়। সেদিন হাতবদল হয় এক হাজার ২৬ কোটি টাকার শেয়ার। আর মাঝের দিনগুলোতে লেনদেন ৭০০ থেকে ৮৭৬ কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ ছিল।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ জয় পাওয়ার পর ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি ১২০০ কোটি টাকার বেশি করে লেনদেন হয়। এরপর ২২ এপ্রিল পর্যন্ত ডিএসইর লেনদেন হাজার কোটি টাকার ঘর স্পর্শ করেনি। মাঝে ৮ এপ্রিল ৯৯২ কোটি টাকার লেনদেন করে।
মঙ্গলবার লেনদেনের শুরুর আধাঘণ্টায় সূচকে তেজিভাব দেখা গেলেও পরেরে আধা ঘণ্টায় তা কমে দাঁড়ায় ৫ হাজার ২২৫ পয়েন্টে।
এসময় রাজধানীর একটি হোটেলে ৩৯টি বাণিজ্যিক ব্যাংক নিয়ে গঠিত বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানির (বিএসআইসি) উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
পুঁজিবাজার নিয়ে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ধারণা দিতে গিয়ে তিনি বলেন, “আমরা ক্যাপিটাল মার্কেট রিফর্মে যাচ্ছি। বড় ধরনের সংস্কার হবে। আমরা বিগওয়েতে সিরিয়াস রেগুলেশনে যাচ্ছি।”
এদিন শেষে লেনদেন ছাড়িয়ে যায় এক হাজার ১০০ কোটি টাকার উপরে। এর মধ্যে ব্লক মার্কেটে লেনদেন হয় ৩৭২ কোটি টাকার।
ডিএসইতে মোট ৩৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট হাতবদল হয়। এর মধ্যে দর বেড়েছে ১৮৮টির, কমে ১৩৮টির এবং আগের দরে লেনদেন করে ৬৭টির। প্রকৌশল, ওষুধ ও রসায়ন খাত, বস্ত্র, বীমা ও ব্যাংক খাতের শেয়ারের হাতবদল হয় সর্বোচ্চ।
ক্লোজিং প্রাইস বিবেচনায় ডিএসইতে সর্বোচ্চ শেয়ার দর বাড়ে রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টসের। আগের দিনের চেয়ে দর বৃদ্ধি পায় ৯ দশমিক ৯৫ শতাংশ; সবশেষ শেয়ার হাতবদল হয় ২৪ টাকা ৩০ পয়সায়।
দরবৃদ্ধিতে এর পরের অবস্থানে আসে ইসলামী কমার্শিয়াল; আর তৃতীয় অবস্থানে ছিল ভিএফএস থ্রেড ডাইং লিমিটড।
আর ক্লোজিং প্রাইস বিবেচনায় শেয়ার দর হারানোর শীর্ষে চলে আসে মেঘনা পিইটি, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ ও এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড।