১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পুঁজিবাজারে ‘ইন্ট্রা-ডে’ লেনদেনে স্টক এক্সচেঞ্জের প্রস্তুতিতে সায় বিএসইসির

বিএসইসি বলছে, লেনদেন ব্যবস্থাকে গতিশীল, দক্ষ ও আধুনিক করতে স্ক্রিপ নেটিং বা ইন্ট্রা ডে ট্রেডিং চালুর জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিশ্চিত সাপেক্ষে দুই স্টক এক্সচেঞ্জকে সম্মতি দেওয়ার সিদ্ধান্ত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2026, 12:18 AM

Updated : 11 Sep 2026, 03:39 PM

দেশের পুঁজিবাজারে একই দিনে শেয়ার কিনে আবার বিক্রি করার সুযোগ তৈরির সিদ্ধান্ত বাস্তবায়ন করেত যাচ্ছে সরকার। 

এর অংশ হিসেবে কারিগরি প্রস্তুতি শুরু করতে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার কমিশন তাদের এ সংক্রান্ত সভার সিদ্ধান্ত ওয়েবসাইটে প্রকাশ করেছে। বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান সভায় সভাপতিত্ব করেন।

বিএসইসি বলছে, দেশের পুঁজিবাজারে লেনদেন ব্যবস্থাকে গতিশীল, দক্ষ ও আধুনিক করার লক্ষ্যে ‘স্ক্রিপ নেটিং’ বা ইন্ট্রা ডে ট্রেডিং’ চালুর জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিশ্চিত সাপেক্ষে দুই স্টক এক্সচেঞ্জকে সম্মতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এর আগে চলতি অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী পুঁজিবাজারে শেয়ার লেনদেনের নিষ্পত্তির সময় ধাপে ধাপে ‘টি প্লাস শূন্যতে’ নামিয়ে আনার কথা বলেন।

সরকারের সেই প্রস্তাবের পক্ষে থাকলেও এ ক্ষেত্রে কিছু সমস্যা হওয়ার কথা বলেন বিসিএইসি চেয়ার‌ম্যান মাসুদ খান, যিনি গত ৪ জুন কমিশনের দায়িত্ব গ্রহণ করেছেন।

গেল ২ জুলাই ঢাক স্টক এক্সচেঞ্জের সদর দপ্তরে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ) আয়োজিত ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে অংশীজনদের সঙ্গে কথা বলেছিলেন তিনি।

‘টি প্লাস টু’ থেকে ‘টি প্লাস শূন্যতে’ নামিয়ে আনার ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে মন্তব্য করে সেদিন মাসুদ খান বলেছিলেন, “একটা অব্যবস্থাপনা হওয়ার শঙ্কা রয়েছে। বাজার অগভীর হওয়ায় এখনই সেই দিকে যাওয়া হবে না। মার্কেট আরও ম্যাচিউরড হোক, তার পরে যাব। এর আগে তো ‘টি প্লাস ওয়ান’ করতে পারি।’’

আর ৯ জুলাই পুঁজিবাজারভিত্তিক সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) অনুষ্ঠানে মাসুদ খান বলেছিলেন, “পুঁজিবাজারের লেনদেনের সময় কমিয়ে আনতে বাংলাদেশ ব্যাংকের আরটিজিএস (রিয়েলটাইম গ্রস সেটেলেমেন্ট) লেনদেন ব্যবস্থা নিয়েও আলোচনা করা হচ্ছে।”

পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন, ‘ইন্ট্রা ডে’ লেনদেন চালু করতে হলে ব্যাংকের লেনদেন সময়ের সঙ্গে পুঁজিবাজারের লেনদেন সময় আরো সমন্বয় ও তাৎক্ষণিক করা লাগবে। 

বর্তমানে শেয়ার লেনদেন হয় ‘টি প্লাস-টু’ পদ্ধতিতে অর্থাৎ শেয়ার ও ইউনিট কেনার পর তা বিক্রি উপযোগী করতে দুই কর্মদিবস লাগে। ‘জেড’ শ্রেণির শেয়ার ও ইউনিটের বেলায় তা তিন দিন লাগে। 

এদিকে কমিশন সভায় আরেক সিদ্ধান্তে ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট পরিচালিত ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ানের মেয়াদ দশ বছর শেষে অবলুপ্ত করার প্রস্তাব অনুমোদন হয়।

অভিহিত মূল্যে অর্থাৎ ১০ টাকা ইউনিটে ছাড়া ফান্ডটির আকার ১০৪ কোটি ৩২ লাখ টাকা। তহবিলটির ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি।