Published : 13 Nov 2025, 05:22 PM
নতুন করে মেয়াদী ফান্ড ঘোষণার সুযোগ বন্ধ করে মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনের গেজেট প্রকাশ করেছে সরকার।
বৃহস্পতিবার প্রকাশের সঙ্গে সঙ্গে তা কার্যকর হওয়ার ঘোষণা দিয়ে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা, ২০২৫’ প্রকাশ করা হয়েছে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা—বিএসইসির ওয়েবসাইটে প্রকাশ করা বিধিমালায় বলা হয়েছে, “সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠানের অধীন পরিচালিত স্কিম বা মিউচুয়াল ফান্ড হতে বিনিয়োগের বিপরীতে কোনো কোম্পানির পরিচালক পর্ষদের সদস্য হতে পারবে না।”
বিধিমালার উল্লেখযোগ্য শর্ত
# সম্পদ ব্যবস্থাপকের পরিশোধিত মূলধন ১০ কোটি টাকা হবে। বিদ্যমান লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর তা না থাকলে প্রজ্ঞাপন জারির তিন বছরের মধ্যে পরিশোধিত মূলধন ১০ কোটি টাকায় উন্নীত করতে হবে।
# পরিচালক পর্ষদের পাঁচ ভাগের এক ভাগ স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিতে হবে।
# লাইসেন্স ফি ৫ লাখ টাকা ও প্রতি বছর নবায়নে এক লাখ টাকা দিতে হবে কমিশনকে।
# পরিচালক পর্ষদের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী একই ব্যক্তি হতে পারবেন না।
# সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠানের অধীন পরিচালিত স্কিম বা মিউচুয়াল ফান্ড থেকে বিনিয়োগের বিপরীতে কোনো কোম্পানির পরিচালক হতে পারবে না।
# সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠানের অধীন পরিচালিত স্কিম বা মিউচুয়াল ফান্ড অধিভুক্ত বা সহযোগী কোনো কোম্পানির বা তার পরিচালকদের স্বার্থ সংশ্লিষ্ট কোনো কোম্পানির শেয়ার, ডিবেঞ্চার, বন্ড বা অন্য কোনোভাবে বিনিয়োগ করতে পারবে না।
# ট্রাস্টি হতে ২০০ কোটি টাকার পরিশোধিত মূলধন থাকতে হবে। বিদ্যমান ট্রাস্টিদের গেজেট প্রকাশের এক বছরের মধ্যে ২০০ কোটি টাকায় উন্নীত করতে হবে।
# গেজেট প্রকাশ হওয়ার পর থেকে আর নতুন করে কোনো মেয়াদী স্কিম ঘোষণা করা যাবে না।
# বিদ্যমান মেয়াদি ফান্ডের মেয়াদ ট্রাস্ট দলিল ও প্রসপেক্টাসে ঘোষণা মোতাবেক নির্ধারিত হবে। বিদ্যমান মেয়াদী স্কিমের মেয়াদ কোনোভাবেই বৃদ্ধি করা যাবে না।
তবে বিশেষ সাধারণ সভায় উপস্থিত ইউনিটহোল্ডারদের তিন-চতুর্থাংশ (ইউনিটের মালিকানার শতাংশের ভিত্তিতে) গোপন ব্যালটের মাধ্যমে ফান্ডটি বেমেয়াদীতে রূপান্তরিত করা যাবে গেজেট প্রকাশের ছয় মাস পরে।
# মেয়াদি ফান্ডের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট বছরে অর্জিত লাভের কমপক্ষে ৭০ শতাংশ নগদ লভ্যাংশ আকারে ইউনিটহোল্ডারদের মধ্যে বিতরণ করতে হবে।
# ‘এ’ শ্রেণির শেয়ার বা সিকিউরিটিজে বিনিয়োগ করতে হবে। বিনিয়োগের শ্রেণি পরিবর্তন হয়ে ‘এ’ এর নিচে নেমে গেলে পরের ছয় মাসের মধ্যে বিনিয়োগ প্রত্যাহার করে নিতে হবে।
# মিউচুয়াল ফান্ডের অর্থে অপশন ট্রেডিং, শর্ট সেলিং, ক্যারি ফরওয়ার্ড লেনদেনে ব্যবহার করা যাবে না।
# তালিকাভুক্ত নয়–এমন সিকিউরিটিজে বিনিয়োগ, ঋণ বা আগাম দেওয়া যাবে না।