১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পুঁজিবাজার: ৫ লাখের কম বিনিয়োগে মিলবে না মার্জিন ঋণ

টাক্সফোর্সের সুপারিশে কমপক্ষে ছয় মাসের অভিজ্ঞতা ও ১০ লাখ টাকা বিনিয়োগের কথা বলা হয়েছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2025, 10:55 PM

Updated : 26 Aug 2026, 02:37 PM

পুঁজিবাজারের ‘সেকেন্ডারি বাজারে’ বিনিয়োগে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা ও ৫ লাখ টাকার বিনিয়োগ না থাকলে ঋণ নিয়ে শেয়ার কেনার সুবিধা মিলবে না—এমন বিধান রেখে মার্জিন নীতিমালার গেজেট প্রকাশ করেছে সরকার।

বৃহস্পতিবার প্রকাশের সঙ্গে সঙ্গে তা কার্যকর হওয়ার ঘোষণা দিয়ে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (মার্জিন) বিধিমালা, ২০২৫’ প্রকাশ করা হয়।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা—বিএসইসির ওয়েবসাইটে প্রকাশ করা বিধিমালায় বলা হয়, “এক বছর গড়ে কমপক্ষে পাঁচ লাখ টাকার বিনিয়োগ না থাকলে কোনো গ্রাহকের হিসাবে মার্জিন অর্থায়ন করা যাবে না।”

এছাড়া মার্জিন অর্থায়নের পর মার্জিন অর্থায়নযোগ্য সিকিউরিটি ছাড়া অন্য কিছু সংরক্ষণ করা যাবে না বলেও বিধিমালায় বলা হয়েছে।

এ বিষয়ে টাক্সফোর্সের দেওয়া সুপারিশে ছয় মাসের অভিজ্ঞতা এবং ১০ লাখ টাকার কম বিনিয়োগে ঋণ নিয়ে শেয়ার কেনার সুবিধা না দেওয়ার পরামর্শ ছিল।

উল্লেখযোগ্য বিধি নিষেধ

>> মার্জিন ঋণ বিষয়ক সুপারিশে বলা হয়, গৃহিণী, ছাত্র, অবসরে যাওয়া ব্যক্তিসহ যেসব বিনিয়োগকারীর নিয়মিত আয় নেই, তারা পুঁজিবাজারে বিনিয়োগে মার্জিন ঋণ পাবেন না।

>> উৎপাদন বন্ধ, ‘বি’, ‘জেড’ ও ‘জি’ শ্রেণির তালিকায় থাকা কোম্পানির শেয়ারে মার্জিন ঋণের অর্থ বিনিয়োগ করা যাবে না।

>> দুই পুঁজিবাজারে তালিকাভুক্ত না হলে কোনো প্রতিষ্ঠানের শেয়ারে মার্জিন ঋণের অর্থ বিনিয়োগ করা যাবে না।

>> দুই পুঁজিবাজারে এসএমই, এটিবি এবং ওটিসি বোর্ডে তালিকাভূক্ত প্রতিষ্ঠানেও মার্জিন ঋণ বিনিয়োগ করা যাবে না।

>> মার্জিন ঋণের অর্থ আইপিওর (প্রাথমিক গণপ্রস্তাব) মাধ্যমে শেয়ার কেনায় বিনিয়োগ করা যাবে না।

>> তালিকাভুক্ত কোনো কোম্পানির উল্লেখযোগ্য শেয়ার কেনা বা কোনো প্রতিষ্ঠানের পরিচালকের শেয়ার কেনায় মার্জিন ঋণের অর্থ ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে।

>> তালিকাভুক্ত কোম্পানির পরিচালক মার্জিন ঋণ নিয়ে নিজ প্রতিষ্ঠানের শেয়ারে বিনিয়োগ করতে পারবেন না।

>> বিনিয়োগকারীর লক করা, ব্লকে থাকা, বন্ধকে থাকা শেয়ার ও পরিচালকের শেয়ার জামানত হিসেবে রেখে মার্জিন ঋণ নেওয়ার সুযোগও রাখা হয়নি।