Published : 04 Mar 2026, 04:46 PM
শেষ বেলায় শেয়ার ছেড়ে দেওয়ার প্রবণতা বাড়ায় নিম্নমুখী প্রবণতা লেনদেশ শেষ করল দেশের বড় পুঁজিবাজার— ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
বুধবার সকালে ডিএসইতে নিম্নমুখী প্রবণতায় লেনদেন শুরু হলেও ঘণ্টা খানেকের মধ্যেই সামলে ওঠে সূচক।
প্রথম ঘণ্টার পতন শেষে ধীরে ধীরে হারানো সূচকের পুরোটা ফিরে লেনদেন চলতে থাকলে বেলা সাড়ে ১২টায় প্রধান সূচক— ডিএসইএক্স দাঁড়ায় ৫ হাজার ৩৮৯ পয়েন্ট।
এই সূচক ছিলে আগের দিনের চেয়ে ৬৪ পয়েন্ট বেশি। আগের দিন সূচক ছিল ৫ হাজার ৩২৫ পয়েন্টে।
দুপুর ১২টার অবশ্য এই পয়েন্ট ধরে রাখা যায়নি; আড়াইটায় লেনদেন শেষ হয় ৫ হাজার ৩২৩ পয়েন্ট। সেই হিসাবে আগের দিনের চেয়ে ২ পয়েন্ট কমেছে।
সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ বিজয় পেয়ে সরকার গঠনের আগের দিন সূচকের বড় উত্থান দেখা যায় ঢাকার পুঁজিবাজারে। তারপর থেকে সূচক ও লেনদেন চলছে মিশ্র ধারায়।
আগের দিনের তুলনায় বুধবার লেনদেনও কমেছে। এদিন এ বাজারে শেয়ার হাতবদল হয় ৫৮২ কোটি ৩৭ লাখ টাকার, যা আগের দিন ছিল ৮৮৫ কোটি ১২ লাখ।
বুধবার ব্লক মার্কেটে ২৮ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়। এরমধ্যে এককভাবে সর্বোচ্চ ১৩ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয় ওরিয়ন ইনফিউশনের।
ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৩টি কোম্পানির মধ্যে এদিন শেয়ার দর বাড়ে ২২৭টির। কমে যায় ১১২টির এবং আগের দরে হাতবদল হয় ৫৪টি কোম্পানির শেয়ার।
সর্বোচ্চ ১২২ কোটি ২০ লাখ টাকা বা ২২ শতাংশ লেনদেন হয় ব্যাংক খাতে। দ্বিতীয় স্থানে থাকা ওষুধ ও রসায়ন খাতে হাতবদল হয় ৯৯ কোটি ১০ লাখ টাকার শেয়ার।
তৃতীয় অবস্থানে থাকা বস্ত্র খাতের অবদান দেখা যায় ৪৯ কোটি ৩৯ লাখ টাকার।
খাতভিত্তিক পর্যালোচনায় দেখা যায়, ব্যাংক, প্রকৌশল, ওষুধ ও রসায়ন এবং বস্ত্র খাতের শেয়ার দর আগের দিনের চেয়ে বেশি এগিয়েছে।
দিন শেষে দর বাড়া শীর্ষ তিন কোম্পানি হলো সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা। আগের দিনের চেয়ে কোম্পানির শেয়ার দর বাড়ে সাড়ে ৬ শতাংশের বেশি।
৪ শতাংশের বেশি শেয়ার দর বাড়ে প্রযুক্তি খাতের কোম্পানি ইনটেক লিমিটেডের। আর প্রায় চার শতাংশ শেয়ার দর বেড়ে তৃতীয় অবস্থানে উঠে আসে ওরিয়ন ইনফিউশন।
অন্যদিকে সবচেয়ে বেশি দর হারায় জিএসপি ফাইন্যান্স, ইউনিয়ন ক্যাপিটাল ও সোনারগা টেক্সটাইলসের শেয়ার।