Published : 09 Apr 2023, 05:22 PM
জার্মান কাপে ফ্রেইবুর্কের বিপক্ষে হেরে বিদায় নেওয়ার ক্ষত ছিল তরতাজা। বুন্ডেসলিগায় তাই দলটিকে হারিয়ে প্রতিপক্ষ ভক্তদের সামনে বুনো উল্লাসে মেতে ওঠেন জসুয়া কিমিখ। তবে কাজটা ঠিক হয়নি বলে মনে করছেন বায়ার্ন মিউনিখ মিডফিল্ডার।
জার্মানির শীর্ষ লিগে গত শনিবার বায়ার্ন ও ফ্রেইবুর্কের ম্যাচে ১-০ গোলে জেতে টমাস টুখেলের দল। ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন মাটাইস ডি লিখট।
এই ম্যাচের চার দিন আগে দুই দলের সবশেষ লড়াইয়ে অবশ্য শেষ হাসি হেসেছিল ফ্রেইবুর্ক। জার্মান কাপের কোয়ার্টার-ফাইনালের ম্যাচে দলটি জিতেছিল ২-১ গোলে।
বুন্ডেসলিগার ম্যাচের পর ফ্রেইবুর্কের মাঠে তাদের সমর্থকদের উদ্দেশ্য করে দুই হাত মুষ্টিবদ্ধ করে উদযাপন করেন কিমিখ, এতে গ্যালারিতে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
কিমিখের এই কাণ্ডকে ফ্রেইবুর্ক মিডফিল্ডার নিকোলাস হেফলার ‘অখেলোয়াড়সুলভ ও অপ্রয়োজনীয়’ হিসেবে উল্লেখ করেন। এই জার্মান মনে করেন, বায়ার্ন ফুটবলারের এভাবে ভক্তদের উত্তেজিত করা উচিত হয়নি।
হেফলারের মন্তব্য নিয়ে কিমিখের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, নিজেকে নিয়ন্ত্রণে করতে পারেননি তিনি।
“এখানে অনেক আবেগ জড়িয়ে ছিল। জয়টা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ - জার্মান কাপের ওই হার আমাদের ভীষণ কষ্ট দিয়েছে।”
"আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম; আমার এমন করাটা উচিত হয়নি। আপনি বলতেই পারেন যে, এটা খেলোয়াড়সুলভ আচরণ ছিল না।”
কেন ওভাবে উদযাপন করেছেন, এই প্রশ্নের জবাবে কিমিখ বলেছেন, জার্মান কাপে হারের স্মৃতি ভুলতে পারেননি তিনি।
“ওয়ার্ম-আপের সময় (বড় পর্দায়) জার্মান কাপের ম্যাচটির ১০ মিনিটের একটা ভিডিও দেখানো হচ্ছিল। আমি বুঝতে পারছি যে (আমার প্রতিক্রিয়া) অখেলোয়াড়সুলভ হিসেবে বিবেচিত হবে। তবে বিষয়টা আসলে কেবলই আবেগের।”
লিগ টেবিলে ২৭ ম্যাচে ১৭ জয় ও ৭ ড্রয়ে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন। ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে বরুশিয়া ডর্টমুন্ড।