২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

এস্পির জন‍্য মরিনিয়োর যে পরামর্শ

‘মরিনিয়ো আমার সঙ্গে যেভাবে কাজ করেন, তা আমার জন‍্য সৌভাগ‍্যের’, বলেছেন এই তরুণ খেলোয়াড়।

এস্পির জন‍্য মরিনিয়োর যে পরামর্শ

কার্লোস এস্পি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Sep 2026, 09:12 AM

Updated : 23 Sep 2026, 09:12 AM

যেন স্বপ্নের ঘোরে আছেন কার্লোস এস্পি। কত বড় বড় তারকাদের সঙ্গে অনুশীলন করছেন, খেলছেন, ড্রেসিং রুমে থাকছেন! আর তাদের পরিচালনা করার জন‍্য আছেন অভিজ্ঞ কোচ জুজে মরিনিয়ো। স্বল্প সময়েই তিনি ছাপ ফেলেছেন এস্পির মনে।

লেভান্তে থেকে এই গ্রীষ্মে রেয়ালে আসা তরুণ খেলোয়াড়কে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন মরিনিয়ো। বলে দিচ্ছেন, মাঠে কী করতে হবে, কীভাবে কিলিয়ান এমবাপের সঙ্গে সমন্বয় করতে হবে।

আন্তর্জাতিক বিরতিতে স্পেন অনূর্ধ্ব-২১ দলের ক‍্যাম্পে আছেন এস্পি। সেখানে স্পেনের ক্রীড়া পত্রিকা এএসের সঙ্গে সাক্ষাৎকারে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি। স্বাভাবিকভাবে এর বড় অংশজুড়ে ছিল রেয়াল। সেখানে মানিয়ে নিতে কোচের ভূমিকার কথা বললেন এস্পি।

“মরিনিয়োর সাফল‍্যের যে রেকর্ড, তাতে তিনি আমাকে প্রথম দিন থেকে যেভাবে স্বাগত জানিয়েছেন (তা অসাধারণ)। আমার কাছে তার চাহিদাও অনেক… এটি আমাকে আরও স্বচ্ছন্দ, আরও নিরাপদ এবং আরও আত্মবিশ্বাসী বোধ করতে সাহায‍্য করেছে। মরিনিয়ো আমার সঙ্গে যেভাবে কাজ করেন, তা আমার জন‍্য সৌভাগ‍্যের।

“প্রথমত, তিনি সবসময়ই আমাকে নিজের সবটুকু দিতে বলেন। সেটা ৫, ১০ বা ১৫ মিনিট হোক। সামর্থ্যে সবটুকু দিতে বলেন। আর কিলিয়ানকে সাহায‍্য করতে বলেন, যিনি আমার পাশে খেলেন। তাই আমরা আক্রমণভাগে পরস্পরকে সাহায‍্য করি। আমি বক্সে থাকতে চাই, কারণ যে কোনো সময় তিনি বক্সে বল পাঠাতে পারেন… আর এখন পর্যন্ত সেটা দুইবার হয়েছে, প্রায় তিনবার (হাসি)।”

এখন পর্যন্ত রেয়ালের হয়ে চার ম‍্যাচে দুটি গোল করেছেন এস্পি। অফসাইডের জন‍্য পাননি আরেকটি।

লা লিগার গত দুই আসরের সর্বোচ্চ গোলদাতা এমবাপে। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা তিনি। ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জিতেছেন একবার, ফাইনাল খেলেছেন দুইবার। তার কাছ থেকে যত বেশি সম্ভব শিখতে চান এস্পি।

“আমি এখানে প্রতিটি সুযোগ কাজে লাগাতে এসেছি। আমি উন্নতি করতে চাই, বেড়ে উঠতে চাই। কিলিয়ান, জুড (বেলিংহ‍্যাম)… তাদের সবার সঙ্গে অনুশীল করা (দারুণ ব‍্যাপার)। তারা অবিশ্বাস‍্যরকমের লড়াকু। আমি শিখছি ও অনেক উন্নতি করছি। যখনই মাঠে নামি, আমি নিজের সবটুকু দিতে চাই ও দলকে সাহায‍্য করতে চাই।”