২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সেরি আয় ‘৪০ পয়েন্টের’ লক্ষ্যে খেলতে চান ইউভেন্তুস কোচ 

সবার আগে অবনমন এড়াতে চান মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2023, 05:09 PM

Updated : 07 Feb 2023, 07:33 PM

চলতি মৌসুমে শুরুটা ভালো না হলেও সাম্প্রতিক সময়ে পায়ের তলায় মাটি খুঁজে পাচ্ছিল ইউভেন্তুস। তবে খেলোয়াড়দের দলবদলে অনিয়মের দায়ে তাদের ১৫ পয়েন্ট কেটে নেওয়ার পর পরিস্থিতি পুরোপুরি পাল্টে গেছে। মাস্সিমিলিয়ানো আল্লেগ্রিও তা মেনে নিচ্ছেন। তুরিনের ক্লাবটির কোচ মনে করছেন, আপাতত অবনমন এড়ানোই তাদের মূল লক্ষ্য। 

দলবদলের চুক্তি সম্পর্কিত নানা অনিয়মের দায়ে গত জানুয়ারিতে লিগে ইউভেন্তুসকে ১৫ পয়েন্ট জরিমানা করে ইতালির একটি ফুটবল আদালত। এতে তালিকার ওই সময়ে তিন নম্বর থেকে এক ধাক্কায় দশে নেমে যায় দলটি।  

এখন ২০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ১৩ নম্বর স্থানে আছে তারা। লিগে মঙ্গলবার ১৬তম (২১ পয়েন্ট) স্থানে থাকা সালের্নিতানার বিপক্ষে খেলবে ইউভেন্তুস।

এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আল্লেগ্রি বলেন, টেবিলে অবস্থান ভুলে এই মুহূর্তে তাদের মনোযোগ ৪০ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করা। 

“এটিই এখন সত্য যে আমাদের ১৫ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে এবং আমাদের ৪০ পয়েন্টে পৌঁছানোর কথা ভাবতে হবে। এটা অবিশ্বাস্য ব্যাপার, কিন্তু আমাদের প্রথমে এই লক্ষ্যটি নিয়ে ভাবতে হবে এবং তারপর ধাপে ধাপে এগিয়ে যেতে হবে।” 

“আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হল সঠিকভাবে ম্যাচের জন্য প্রস্তুত হওয়া। সালের্নিতানার সঙ্গে আমাদের সমানে সমান থাকতে হবে। আমাদের কক্ষপথে ফিরে আসতে হবে। আমাদের সামনে থাকা দলগুলোকে ধরার জন্য প্রস্তুত হতে হবে এবং টেবিলে ওপরের দিকে যাত্রা শুরু করতে হবে।”