০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

‘আর ভুলের সুযোগ নেই’, ইংল্যান্ডের বিপক্ষে হেরে ক্রোয়েশিয়া কোচ

ভুলগুলো দ্রুত শুধরে নিয়ে সামনের ম্যাচে মনোযোগ দিতে চান জ্‌লাতকো দালিচ।

‘আর ভুলের সুযোগ নেই’, ইংল্যান্ডের বিপক্ষে হেরে ক্রোয়েশিয়া কোচ
ক্রোয়েশিয়া কোচ জ্‌লাতকো দালিচ। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2026, 01:51 PM

Updated : 19 Sep 2026, 02:33 PM

ইংল্যান্ডের বিপক্ষে লড়াইয়ের জন্য প্রস্তুতি ছিল ঠিকঠাক, কিন্তু মাঠে নিজেদের মেলে ধরতে পারেন ক্রোয়েশিয়া। একের পর এক ভুলে আসর শুরু করেছে হার দিয়ে। এতে সামনের ম্যাচগুলোতে ভুল করার আর কোনো সুযোগ নেই বলে দলকে বার্তা দিয়েছেন কোচ জ্‌লাতকো দালিচ।

ডালাসে বুধবার ইংল্যান্ডের বিপক্ষে ৪-২ গোলে হারে ক্রোয়েশিয়া। জমজমাট ম্যাচের প্রথমার্ধে দুইবার পিছিয়ে পড়ে সমতা ফেরায় লুকা মদ্রিচরা। কিন্তু দ্বিতীয়ার্ধে হজম করা দুই গোলের আর কোনো জবাব দিতে পারেনি তারা।

ক্রোয়েশিয়াকে ২০১৮ সালে ফাইনাল ও গত আসরে সেমি-ফাইনালে তোলা দালিচ মনে করছেন, ভুলগুলো দ্রুত শুধরে নিতে হবে তাদের। হারের হতাশা পেছনে ফেলে মনোযোগ দিতে হবে সামনের পথচলায়।

“হার মেনে নেওয়া সহজ নয়। আত্মবিশ্বাস কমে যায়, যা মোটেও ভালো নয়। প্রথম পর্বের বাকি দুই ম্যাচের জন্য আমাদের ভালোভাবে প্রস্তুত হতে হবে। এই পরাজয়ের পর সঠিক মানে ফিরতে পারাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর কোনো ভুল করার সুযোগ নেই আমাদের।”

“খারাপ ম্যাচ খেলার কিংবা ভুল করার সুযোগ নেই। আমি এটাকে বাজে ম্যাচ বলব না। এখানে কিছু ভুল করেছি আমরা। প্রতিপক্ষ আমাদের সেটার শাস্তি দিয়েছে। সামনে দুই ম্যাচ আছে, সেগুলো নতুন করে শুরু করার সুযোগ।”

ইংল্যান্ড তাদের দুটি গোলই করেছে কর্নার থেকে। সেট পিসে শক্তিশালী দলটির বিপক্ষে নিজেদের তৈরি করেই মাঠে নেমেছিল ক্রোয়েশিয়া। দালিচ বললেন, এরপরও রক্ষণভাগের ভুলে মাশুল দিতে হয়েছে তাদের। 

“সেট পিস সামলানোয় আমরা ভালো ছিলাম। এত সহজে গোল হজম করতাম না। এই প্রতিপক্ষ নিয়ে অনুশীলনও করেছি। ইংল্যান্ড কীভাবে খেলবে আমরা জানতাম।”

“এটা ছিল ভয়াবহ, বিশেষ করে ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে। তাদের প্রায় ৪০ শতাংশ গোলই আসে সেট-পিস থেকে। এটা আমাদের ঠিক করতে হবে এবং ভবিষ্যতে এমন ভুল এড়াতে হবে।”

আগামী বুধবার বাংলাদেশ সময় ভোরে পানামার মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ ঘানা।