০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ইংল্যান্ডের বিপক্ষে ‘নিষ্প্রভ’ মদ্রিচকে দেখার আশায় হেন্ডারসন

ক্রোয়াট তারকাকে নিয়ে সতীর্থদের সতর্ক করলেন ইংলিশ অভিজ্ঞ মিডফিল্ডার।

ইংল্যান্ডের বিপক্ষে ‘নিষ্প্রভ’ মদ্রিচকে দেখার আশায় হেন্ডারসন
লুকা মদ্রিচ। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2026, 02:18 PM

Updated : 19 Sep 2026, 02:32 PM

‘আমি এখনও তাকে খারাপ কোনো ম্যাচ খেলতে দেখিনি’, লুকা মদ্রিচের প্রশংসায় একথা বলেছেন জর্ডান হেন্ডারসন। ক্রোয়েশিয়ার বিপক্ষে লড়াইয়ে এই মিডফিল্ডার যে ইংল্যান্ডের জন্য বড় হুমকি হবেন, ভালো করেই জানেন তিনি। তাই তার প্রত্যাশা, সেদিন যেন নিষ্প্রভ থাকেন ক্রোয়াট তারকা।

বিশ্বকাপে এনিয়ে সপ্তমবার খেলতে যাচ্ছে ক্রোয়েশিয়া। গত ছয় আসরে তিনবারই সেমি-ফাইনালে খেলেছে তারা। যার মধ্যে নিজেদের অভিষেক আসর ১৯৯৮ সাল ও গত আসরে তৃতীয় হয়েছিল দলটি। আর ২০১৮ সালে খুব কাছে গিয়েও পায়নি তারা শিরোপা জয়ের স্বাদ। ফাইনালে হেরে যায় ফ্রান্সের কাছে।

৪০ বছর বয়সী মদ্রিচ খেলতে যাচ্ছেন পঞ্চম বিশ্বকাপে। ক্রোয়াটদের গত কয়েকটি বিশ্বকাপে দুর্দান্ত খেলার কারিগরদের একজন মদ্রিচ। যিনি নিয়ন্ত্রণে রাখেন মাঝমাঠ, যার রক্ষণচেরা একটি পাসে গড়ে দিতে পারে ম্যাচের ভাগ্য।

গত আসরগুলোর মতো এবারের বিশ্বকাপেও মদ্রিচের দিকে তাকিয়ে থাকবে ক্রোয়েশিয়া। দলটির কোচ জ্‌লাতকো দালিচ কদিন আগে বলেছেন, তাদের মূল চালিকা শক্তিই মদ্রিচ।

২০১৮ সালে মদ্রিচের ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরেই সেমি-ফাইনাল থেকে বিদায় নিয়েছিল ইংল্যান্ড। এবার তারা বিশ্বকাপ অভিযান শুরু করবে দলের বিপক্ষে ম্যাচ দিয়ে। ম্যাচটিতে মদ্রিচকে নিষ্ক্রিয় করে রাখা ইংল্যান্ডের জন্য কতটা গুরুত্বপূর্ণ, সেটা ফুটে উঠল হেন্ডারসনের কথায়।

“আমার মনে, তার ক্যারিয়ারই তার হয়ে কথা বলে। সে শীর্ষ পর্যায়ের বিশ্বমানের একজন ফুটবলার। তার বিপক্ষে খেলা ভীষণ কঠিন। আশা করি, সে যেমন পারফর্ম করে আমাদের বিপক্ষে তেমন খেলতে পারবে না”

“তবে সত্যি বলতে, আমি এখন পর্যন্ত তাকে খারাপ কোনো ম্যাচ খেলতে দেখিনি। তাই মাঝমাঠে যে-ই খেলুক, এটা (মদ্রিচকে থামানো) তার জন্য কঠিন এক পরীক্ষা হতে যাচ্ছে।”

‘এল’ গ্রুপে ইংল্যান্ডের অন্য দুই প্রতিপক্ষ ঘানা ও পানামা।