০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপে ইন্টার মিলানের অনন্য কীর্তি

ইতালিয়ান ক্লাবটির সঙ্গে থাকা জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ এবার ছিটকে পড়েছে রেকর্ডের দৌড় থেকে।

বিশ্বকাপে ইন্টার মিলানের অনন্য কীর্তি
গোল করে লাউতারো মার্তিনেসের উল্লাস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2026, 07:38 PM

Updated : 19 Sep 2026, 02:31 PM

ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা বিশ্বকাপের ফাইনালে ওঠার পর অনন্য এক রেকর্ড গড়েছে ইন্টার মিলান। টানা সবচেয়ে বেশি ১২টি বিশ্ব আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে অন্তত একজন খেলোয়াড় থাকছেন ইতালিয়ান ক্লাবটির।

আগামী ২০ জুলাই শিরোপার লড়াইয়ে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। নিউ ইয়র্কে বাংলাদেশ সময় ১টায় (এএম) শুরু খেলা।

আটলান্টায় দ্বিতীয় সেমি-ফাইনালে আর্জেন্টিনার ২-১ গোলের জয়ে বড় অবদান রাখেন লাউতারো মার্তিনেস। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে হেডে ইংলিশদের জালে বল পাঠিয়ে আর্জেন্টাইনদের উল্লাসে মাতান ইন্টার মিলান অধিনায়ক।

২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও ইন্টারের একমাত্র প্রতিনিধি ছিলেন মার্তিনেস। সেবার ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ৩৬ বছরের খরা কাটিয়েছিল আর্জেন্টিনা। এবার ইতিহাসের তৃতীয় দল হিসেবে বিশ্বকাপ ধরে রাখার হাতছানি তাদের সামনে। ১৯৩৪ ও ১৯৩৮ সালে ইতালি এবং ১৯৫৮ ও ১৯৬২ সালে ব্রাজিল টানা বিশ্বকাপ জিতেছিল।

১৯৮২ আসর থেকে বিশ্বকাপের ফাইনালে ইন্টার মিলানের কোনো না কোনো খেলোয়াড় প্রতিনিধিত্ব করেছেন। ৪৪ বছর ধরে চলছে এই ধারাবাহিকতা।

ইন্টার মিলানের মতো ১৯৮২ সাল থেকে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখেরও অন্তত একজন খেলোয়াড় হলেও বিশ্বকাপের ফাইনালে প্রতিনিধিত্ব করে আসছিলেন। কিন্তু তাদের সেই ধারায় এবার ছেদ পড়েছে।

আর ২০১০ সাল থেকে এখন পর্যন্ত টানা পাঁচটি বিশ্বকাপের ফাইনালে অংশ নিতে যাচ্ছেন বার্সেলোনার অন্তত একজন ফুটবলার। এবারের আসরের ফাইনালে স্প্যানিশ চ্যাম্পিয়নদের ৮ জন ফুটবলার থাকবেন।