০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ফুটবলারদের অর্জন উদযাপনে একুয়েডরে সাধারণ ছুটি ঘোষণা প্রেসিডেন্টের

জার্মানিকে হারিয়ে ২০ বছরের মধ‍্যে প্রথমবার বিশ্বকাপে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে একুয়েডর।

ফুটবলারদের অর্জন উদযাপনে একুয়েডরে সাধারণ ছুটি ঘোষণা প্রেসিডেন্টের
জার্মানিকে হারিয়ে শেষ বত্রিশে জায়গা করে নিয়েছে একুয়েডর। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2026, 06:41 PM

Updated : 19 Sep 2026, 02:30 PM

গ্রুপ পর্ব থেকেই বিদায়ের শঙ্কায় থাকা একুয়েডর স্মরণীয় জয়ে জায়গা করে নিয়েছে বিশ্বকাপের শেষ বত্রিশে। সেবাস্তিয়ান বেক্কাচেচের দলের অর্জন উদযাপন করতে দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছেন একুয়েডর প্রেসিডেন্ট দানিয়েল নবোয়া।

জার্মানিকে ২-১ গোলে হারিয়ে তৃতীয় সেরা দলের একটি হয়ে শেষ বত্রিশে জায়গা করে নেয় একুয়েডর। ম‍্যাচের পর সামাজিক মাধ‍্যম এক্সে ছুটির ঘোষণা দেন নবোয়া।

“খেলোয়াড় ও কোচ, যিনি সমালোচনা ও অপমানের পরও এবং কঠিন সময়ের মধ‍্য দিয়ে গিয়েও ঘুরে দাঁড়িয়ে পুরো দেশকে অপরিসীম আনন্দে ভাসিয়েছেন, তাদের ধন‍্যবাদ। আগামীকাল, ছুটি!” 

আইভরি কোস্টের বিপক্ষে হার ও কুরাসাওয়ের বিপক্ষে ড্রয়ের পর টিকে থাকতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম‍্যাচে জয় প্রয়োজন ছিল একুয়েডরের।

ম‍্যাচের শুরুর দিকেই গোল হজম করে তারা। তবে হাল না ছেড়ে লড়াই চালিয়ে যায় দলটি এবং বিশ্বকাপে নিজেদের সেরা জয় তুলে নেয়। নিউ ইয়র্ক/নিউ জার্সি স্টেডিয়ামে কানায় কানায় পূর্ণ গ‍্যালারিতে শুরু হয় উদ্দাম উদযাপন। 

আগেই গ্রুপ শ্রেষ্ঠত্ব ও নকআউট পর্ব নিশ্চিত করে জার্মানি। আর কুরাসাওকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ রানার্সআপ হয় আইভরি কোস্ট।

সেরা তৃতীয় দলের একটি হয়ে নকআউট পর্বে যায় একুয়েডর। নিজেদের ইতিহাসে কেবল দ্বিতীয়বার গ্রুপ পর্ব পার হয় তারা, ২০০৬ আসরে শেষ ষোলোয় খেলেছিল দলটি।