০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

দালিচের ‘ডান হাত’ মদ্রিচকে ডাকছে ডাবল সেঞ্চুরি

রোনালদো-মেসিদের পথে ছুটে অসাধারণ এক মাইলফলকে পা রাখার অপেক্ষায় লুকা মদ্রিচ, ৪০ বছর বয়সেও যিনি কোচের সবচেয়ে বড় ভরসা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2026, 04:07 PM

Updated : 19 Sep 2026, 02:29 PM

হার দিয়ে শুরুর পর ক্রোয়েশিয়ার সামনে এখন ঘুরে দাঁড়ানোর কঠিন চ্যালেঞ্জ। সেই লড়াইয়ে কোচ জ্লাতকো দালিচ তাকিয়ে তার বুড়ো ঘোড়ার দিকে। বয়স ৪০ পেরিয়েই সবচেয়ে বড় ভরসার নাম লুকা মদ্রিচ। শুধু জয়ের পথে ফেরার জন্যই নয়, পরের ম্যাচটি ক্রোয়েশিয়া অধিনায়কের জন্য গুরুত্বপূর্ণ আরেকটি কারণেও। দারুণ এক মাইলফলকে যে পা রাখছেন তিনি!

বিশ্বকাপের ‘এল’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টায় পানামার মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। এই ম্যাচ দিয়েই দেশের জার্সিতে ২০০ ম্যাচ পূর্ণ করবেন মদ্রিচ।

আন্তর্জাতিক ফুটবলে ম্যাচ খেলার ডাবল সেঞ্চুরি করা চতুর্থ ফুটবলার হবেন তিনি। সবার ওপরে থাকা ক্রিস্তিয়ানো রোনালদো মঙ্গলবার খেলবেন পর্তুগালের হয়ে তার ২৩০তম ম্যাচ। কুয়েতের সাবেক ফরোয়ার্ড বাদের আল-মুতাওয়া প্রায় ১৯ বছরের ক্যারিয়ার শেষ করেছেন ২০২ ম্যাচ খেলে। এই বিশ্বকাপের প্রথম ম্যাচে ২০০ ছোঁয়া লিওনেল মেসির ম্যাচ এখন ২০১টি।

মদ্রিচ অবিসংবাদিতভাবেই ক্রোয়েশিয়ার সর্বকালের সেরা ফুটবলার। ফুটবল ইতিহাসেই তিনি সেরা মিডফিল্ডারদের একজন। ক্রোয়েশিয়ার মতো মাঝারি শক্তির দল যে ২০১৮ বিশ্বকাপে রানার্স আপ হয়েছে এবং ২০২২ আসরে হয়েছে তৃতীয়, সেখানে বড় অবদান ছিল মদ্রিচেরই।

এখন তিনি সেরা সময়কে পেছনে ফেলে এসেছেন নিশ্চিতভাবেই। রেয়াল মাদ্রিদ কিংবদন্তি প্রিয় আঙিনা ছেড়ে গত বছরই পাড়ি জমিয়েছে এসি মিলানে। সময়ের সঙ্গে ধার কমে গেছে প্রত্যাশিতভাবেই। তবে ফুরিয়ে যাননি মোটেও। বরং অভিজ্ঞতা ও নেতৃত্ব দিয়ে এখনও তিনি দলের সম্পদ। 

পানামা বিপক্ষে ম্যাচের আগে সেটিই মনে করিয়ে দিলেন দালিচ, “মাঠে সে আমার ডান হাত।”

প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ৪-২ গোলের হারার পর পানামার বিপক্ষে ম্যাচটি জেতার বিকল্প নেই ক্রোয়েশিয়ার। আগের ম্যাচে হারার পর দলকে কিছু কড়া কথা শোনান কোচ। তিনি বলেছিলেন, কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই ম্যাচেই সবচেয়ে বাজেভাবে সেট পিসগুলো প্রয়োগ হতে দেখেছেন।

র‌্যাঙ্কিংয়ের ৪০ নম্বর দলের সঙ্গে পরিষ্কার ফেভারিট হয়েই নামবে দালিচের দল। ২০১৭ সাল থেকে দায়িত্বে থাকা কোচের আশা, তার দল যেন আগের ভুলগুলির পুনরাবৃত্তি না করর এবং ফেভারিটের মতো দাপুটে পারফরম্যান্স মেলে ধরে।

“গত ম্যাচের চেয়ে ভালো খেলতে হবে আমাদের। আমাদের করা ভুলগুলো শুধরে নিতে হবে, বিশেষ করে রক্ষণে।"

“এই ম্যাচে আমরাই ফেভারিট, আমাদেরকে সেভাবেই খেলতে হবে এবং আমরা ভালো ফল আশা করি।"

পানামার কাছে যদি ক্রোয়েশিয়া কোনোভাবে হেরে যায় এবং ইংল্যান্ডের বিপক্ষে হার ঘানা এড়াতে পারে, তবে মদ্রিচরা গ্রুপ পর্ব থেকেই বাদ পড়বে।

চাপও তাই যথেষ্টই আছে। মিডফিল্ডার মাতেও কোভাচিচ যদিও নিজেদর অভিজ্ঞতায় ভরসা প্রতিশ্রুতি দিলেন ঘুরে দাঁড়ানোর, “আমরা বহুবার দেখিয়েছি যে, পরিস্থিতি কঠিন হলেই আমরা সেরা ম্যাচটা খেলি।"

ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিচ, যিনি কানাডায় সরকারি সফরে রয়েছেন, তিনি ম্যাচের আগে দলের সঙ্গে দেখা করবেন এবং গ্যালারি থেকে তাদের জন্য উল্লাস করবেন বলে তার দপ্তর জানিয়েছে।

এই লড়াইয়ে কোচ দালিচ একটি দাবি জানিয়ে রাখলেন সমর্থকদের প্রতিও।

“আমরা গ্যালারি থেকে দারুণ সমর্থন আশা করছি। দর্শকদেরকেই আমাদের দ্বাদশ খেলোয়াড় হিসেবে প্রত্যাশা করি আমরা এবং তাদের হতাশ না করার জন্য যথাসাধ্য চেষ্টা করব।”

এই সমর্থকদের মধ্যে বিশেষ এক অতিথিও থাকবেন এই ম্যাচে। সরকারী সফরে কানাডায় থাকায় প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচ ম্যাচের আগে দলের সঙ্গে দেখা করবেন এবং গ্যালারিতে বসে ম্যাচ উপোগ করবেন।