Published : 24 Jun 2026, 06:42 PM
বিশ্বকাপে প্রথম পয়েন্ট পাওয়া হয়ে গেছে। এবার লক্ষ্য প্রথম জয়ের স্বাদ নেওয়ার। বসনিয়া ও হার্জেগোভিনাকে হারিয়ে কাতারের ফুটবল ইতিহাস নতুন করে রচনা করতে মরিয়া দলটির কোচ হুলেন লোপেতেগি।
২০২২ সালে আয়োজক হিসেবে প্রথমবার বিশ্বকাপে খেলার স্বাদ পায় কাতার। ঘরের মাঠের সেই আসরে গ্রুপ পর্বের তিন ম্যাচই হারে তারা। এবার বাছাইয়ের বৈতরণী পার করে বিশ্ব মঞ্চে খেলছে দলটি।
উত্তর আমেরিকা আসরে নিজেদের প্রথম ম্যাচেই চমক দেখায় কাতার। সুইজারল্যান্ডের বিপক্ষে ১-১ ড্র করে পায় বিশ্বকাপে নিজেদের প্রথম পয়েন্ট। কিন্তু পরের ম্যাচ তাদের জন্য ছিল দুঃস্বপ্ন। কানাডার বিপক্ষে স্রেফ উড়ে যায় দলটি, বিধ্বস্ত হয় ৬-০ গোলে।
এবারের বিশ্বকাপে গ্রুপের তৃতীয় সেরা আটটি দল সুযোগ পাবে পরের ধাপে। তাই নকআউটে খেলার সম্ভাবনা এখনও টিকে আছে কাতারের।
শেষ গ্রুপ ম্যাচে বুধবার বসনিয়ার মুখোমুখি হবে তারা। এই লড়াইয়ে জিততে পারলে শেষ বত্রিশে খেলার সম্ভাবনা উজ্জ্বল হবে দলটির। দুটি কীর্তি এক ম্যাচে করে দেখাতে ‘প্রাণপণ লড়াই’ করার কথা বলেছেন লোপেতেগি।
সবশেষ ম্যাচে কানাডার কাছে বিধ্বস্ত হওয়ার স্মৃতি এখন অতীত কাতার কোচের কাছে। লোপেতেগি বললেন, “এখন আমাদের পুরো মনোযোগ আগামীকালের বড় চ্যালেঞ্জটির দিকে।”
বসনিয়া ও কাতার, দুই দলেরই পয়েন্ট এক করে। ‘বি’ গ্রুপে যথাক্রমে তিন ও চার নম্বরে আছে তারা। আসছে ম্যাচটি নিয়ে চাপে আছেন কিনা এমন প্রশ্নের জবাবে লোপেতেগি বলেন, “চাপ? একদমই না। আমাদের মাঝে কেবল জেতার তীব্র আকাঙ্ক্ষা এবং রোমাঞ্চ কাজ করছে।”