Published : 14 Jun 2026, 06:01 PM
ছোট্ট একটা দেশ, জনসংখ্যা দেড় লাখের একটু বেশি। তারাই ফুটবলের সর্বোচ্চ মঞ্চে নিজেদের জানান দিতে যাচ্ছে। প্রতিপক্ষ চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি- কেবল এই একটা তথ্যেই প্রমাণ হয়, দুই দলের মাঝে শক্তি আর ফুটবল ঐতিহ্যের ব্যবর্ধন কতটা বিশাল। তবে, কুরাসাওয়ের বর্ষীয়ান কোচ ডিক আটফোকাট যেন বোঝাতে চাইলেন, ওসব ইতিহাস দিয়ে মাঠে লড়াই হয় না, বরং অবিশ্বাস্য কিছু করে দেখানোর জন্য প্রস্তুত তার দল।
বাংলাদেশ সময় রোববার রাত ১১টায় মুখোমুখি হবে জার্মানি ও কুরাসাও।
দুদিন আগেই ৭৮ বছর বয়সী এই কোচ আত্মবিশ্বাসী কণ্ঠে বলেছিলেন, “আমরা ফেভারিট নই। কিন্তু যারা ফেভারিট নয়, তারা বিস্ময় উপহার দিতে পারে।”
বিশ্বকাপ অভিষেকের আগের দিন তিনি আবারও প্রায় একই সুরে বললেন একইরকম কথা। দিলেন, কুরাসাওবাসিকে স্মরণীয় কিছু মুহর্ত উপহার দেওয়ার।
“জার্মানির তুলনায় আমরা ছোট একটা দেশ, কিন্তু আমরা তাদের কাজটা কঠিন করে তুলব এবং দেখিয়ে দিব যে, আমাদের বিপক্ষে লড়াই করা কঠিন।
“কখনও কখনও এমনটা হয় যে ছোট দল, অপেশাদার দল বড় দলকে হারিয়ে দেয়। নেদারল্যান্ডসে এমনটা প্রায়ই হয়ে থাকে।”
প্রতিপক্ষ যত শক্তিশালীয় হোক না কেন, নির্ভীক ফুটবল খেলার বার্তা দিয়ে রাখলেন আটফোকাট।
“মাঠে জার্মানি আধিপত্য করবে এবং সেই হিসেবে আমাদের প্রতিক্রিয়া দেখাতে হবে। তারা যখন আক্রমণে উঠবে, তখন (তাদের অর্ধে) তৈরি হওয়া ফাঁকা জায়গা আমাদের কাজে লাগাতে হবে।”
২০২৪ সালের জানুয়ারিতে কুরাসাও দলের হাল ধরেন আটফোকাট। তার হাত ধরে, বাছাইয়ে ১০ ম্যাচে প্রতিপক্ষের জালে ২৮ গোল করে দলটি, কনক্যাকাফ অঞ্চলে কোনো দলের সর্বোচ্চ গোলও এটি।
জার্মানির বিপক্ষে ডাগআউটে দাঁড়ালেই সবচেয়ে বেশি বয়সী কোচের রেকর্ডটা গড়ে ফেলবেন এই ডাচ কোচ। তার দলের সব খেলোয়াড়ও নেদারল্যান্ডসের নাগরিক। ডাচদের অধীনে কুরাসাও একটা স্বায়ত্তশাসিত অঞ্চল।