১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালের আগে কেন ‘নার্ভাস’ স্পেন কোচ

বিশ্বকাপ ফাইনালে খেলতে পারাকে আশীর্বাদ হিসেবে দেখছেন লুইস দে লা ফুয়েন্তে, কিন্তু ম্যাচ নিয়ে নয়, তিনি উদ্বিগ্ন অন্য কিছু নিয়ে।

ফাইনালের আগে কেন ‘নার্ভাস’ স্পেন কোচ
স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2026, 04:18 PM

Updated : 19 Sep 2026, 02:24 PM

বিশ্বকাপের ফাইনাল, প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা; স্নায়ুচাপে ভোগাটাই স্বাভাবিক। কিন্তু ম্যাচ নিয়ে নয়, লুইস দে লা ফুয়েন্তে উদ্বিগ্ন অন্য কারণে। সংবাদ সম্মেলন শেষে যে হেলিকপ্টারে চড়ে বেইস ক্যাম্পে যেতে হবে তাকে! 

নিউ ইয়র্কে ২০ জুলাই বাংলাদেশ সময় ১টায় (এএম) শিরোপা নির্ধারণী ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে স্পেন। আট বছর পর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে দেখা হবে দুই দলের।

স্পেনের বেইস ক্যাম্প নিউ জার্সিতে। ফাইনালের আগে সংবাদ সম্মেলনে উপস্থিত হতে সেখান থেকে নিউ ইয়র্কে আসতে হয় দলটির কোচ দে লা ফুয়েন্তেকে।

ফাইনালের আগে কোনো ধরনের চাপ অনুভব করছেন কিনা, সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন করা হয় স্পেন কোচকে। তখন তিনি বলেন, হেলিকপ্টারে চড়া নিয়ে উদ্বেগের কথা বলেন।

“আমি নার্ভাস কারণ এখন আমাদের হেলিকপ্টারে করে ফিরতে হবে। এই কারণে আমি সত্যিই নার্ভাস। অন্য কোনো কারণে নয়। আমি পুরোপুরি শান্ত আছি। এমন জায়গায় পৌঁছাতে পারাটাও একটা আশীর্বাদ। আমরা এই দুর্দান্ত মুহূর্ত উপভোগ করতে চাই।”

ফাইনাল নিয়ে যদি কাউকে কোনো প্রশ্ন করার থাকে, তাহলে কাকে সেটা করবেন দে লা ফুয়েন্তে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, স্পেনের সাবেক কোচ ভিসেন্তে দেল বস্কের কথা। ২০১০ সালে দেল বস্কের কোচিংয়ে প্রথমবার বিশ্বকাপ জিতেছিল স্পেন। 

“ভিসেন্তে দেল বস্ককে আমি অনেক সম্মান করি; তিনি ফুটবলের একজন জ্ঞানী মানুষ। তিনিও এই পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন, তাই পরামর্শ দেওয়ার এবং পথ দেখানোর জন্য তার চেয়ে উপযুক্ত আর কেউ হতে পারে না। গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো এসে গেলে- সেগুলো আসবেই- তখন কী করতে হবে, সেটার একটু ধারণা যদি আগে থেকে থাকে, তবে তা বেশ সাহায্য করে এবং মনে এক ধরণের প্রশান্তি এনে দেয়।”