Published : 16 Jun 2026, 04:24 PM
কোচের সবুজ সংকেত মেলেনি এখনও, তবে বুকায়ো সাকা চোটাক্রান্ত পা নিয়ে, দেশের জন্য খেলার ঝুঁকিটুকু নিতে উন্মুখ। উত্তর আমেরিকা আসরে ইংল্যান্ডের যাত্রা শুরুর ম্যাচে তিনি খেলতে চান, ক্রোয়েশিয়ার বিপক্ষে।
ডালাসে বাংলাদেশ সময় বুধবার রাত ২টায় ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে দিয়ে ‘এল’ গ্রুপে যাত্রা শুরু করবে ইংল্যান্ড। ২০১৮ বিশ্বকাপের রানার্সআপদের হারাতে পারলে আত্মবিশ্বাসের তুঙ্গে থেকে পথচলা শুরু করতে পারবে টমাস টুখেলের দল। তাই এই ম্যাচে দর্শক হয়ে থাকতে চান না সাকা।
অবশ্য, তার চাওয়া-না চাওয়ার উপর অবশ্য নির্ভর করছে না সবকিছু। অ্যাকিলিসের চোটে ভুগছেন এই উইঙ্গার। গত মাসে ম্যাচ খেলেছেন মাত্র একটি। আর্সেনাল ও ইংল্যান্ড দলের চিকিৎসকরা তাকে সেরা ছন্দে ফিরিয়ে আনার চেষ্টা করে যাচ্ছেন। তবে, সাকা নিজেও বললেন, সাচ্ছ্বন্দ্যবোধ করলেও আগের ধার তিনি ফিরে পাননি এখনও। তবে, খেলতে প্রস্তুত।
“খেলোয়াড় হিসেবে, খেলার এই সিদ্ধান্ত নেওয়াটাই সবচেয়ে বড় ঝুঁকির; বিশেষ করে, আপনি যদি সেরা ছন্দে না থাকেন, তখন, আপনার সামনে দুটি পথ খোলা থাকে, হয় আপনি খেলবেন না, কিংবা মানুষ আপনাকে একইভাবে বিচার করবে, এটা জেনেই খেলবেন।”
“দিন শেষে, আপনি কেমন অনুভব করছে, তা নিয়ে মানুষের তেমন মাথাব্যথা নেই। তারা কেবল আপনার কাছে ভালো পারফরম্যান্স আশা করে। আমি এই ঝুঁকি নিতে পেরে খুশি। আমি বলব, এতে ভালোই হয়েছে এবং আমি এটা চালিয়ে যাব। তবে, গত মার্চের চেয়ে এখন আরও বেশি ভালো অনুভব করছি। মাঠে নামতে প্রস্তুত।”
সবশেষ গত মাসে মাসের শেষ দিকে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পিএসজির বিপক্ষে খেলেন সাকা। ওই ম্যাচে মাঠে ছিলেন ৮৩ মিনিট। তবে, ইংল্যান্ড কোচ টুখেল গত সপ্তাহে বলেছিলেন, তিনি এখনও নিশ্চিত নন, সাকা পুরোটা সময় খেলার মতো ফিট কিনা।
কোচের কথার উপর কিছু বলতে চাইলেন না সাকা। ২৪ বছর বয়সী এই উইঙ্গার কেবল জানিয়ে রাখলেন নিজের একান্ত চাওয়া।
“কোচের বিপক্ষে যায়, এমন কিছু বলব না আমি। কিন্তু আমি বলতে চাই, আর্সেনাল কোচ মিকেল আর্তেতা ও আর্সেনালের মেডিকেল টিম এবং ইংল্যান্ডের মেডিকেল টিম গত মার্চ থেকে আমার বিষয়টা দারুণভাবে দেখভাল করেছে এবং মাঠে ফিরতে সহযোগিতা করেছে।”
“গত কয়েক মাসের তুলনায় আমি এখন আরও ভালো অনুভব করছি। খেলার জন্য প্রস্তুত।