বিশ্বকাপ ব্যর্থতায় জার্মানিকে বিদায় বললেন নাগেলসমান
জার্মানি ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) জানিয়েছে, সরে দাঁড়ানোর জন্য আবেদন করেছেন ইউলিয়ান নাগেলসমান নিজেই।
বিশ্বকাপ ব্যর্থতায় সমালোচনা চলছিল, তবে ইউলিয়ান নাগেলসমান পাশে পেয়েছিলেন অলিভার কানের মতো কিংবদন্তিকে। কিন্তু নাগেলসমান নিজেই জার্মানির কোচের পদ থেকে সরে দাঁড়ানোর আর্জি জানিয়েছেন। তার আবেদন মেনে নিয়েছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি)।
২০১৪ সালে শিরোপা জয়ের পর এবারই প্রথম বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছিল জার্মানি। কিন্তু প্যারাগুয়ের কাছে হেরে প্রথম ধাপে শেষ হয়ে যায় তাদের পথচলা। শেষ বত্রিশে প্যারাগুয়ের বিপক্ষে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ ড্রয়ের পর, টাইব্রেকারে ৪-৩ গোলে হারে নাগেলসমানের দল।
২০২৩ সালে জার্মানির হাল ধরেন নাগেলসমান। ৩৮ বছর বয়সী এই কোচের হাত ধরে পঞ্চম বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখেছিল জার্মানরা। অঙ্কুরেই সে স্বপ্ন গুঁড়িয়ে যাওয়ায়, ডাগআউট ছাড়তে হলো নাগেলসমানকে।
ডিএফবি সভাপতি ব্রেন্ড নুয়েনডর্ফ বিবৃতিতে জানিয়েছেন, নাগেলসমানকে অব্যাহতি দেওয়ার কথা।
“২০২৩ সালের সেপ্টেম্বর থেকে তার কাজের জন্য ইউলিয়ান নাগেলসমানকে ধন্যবাদ জানাচ্ছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন।
“উচুঁ পর্যায়ের দায়বদ্ধতা ও অসাধারণ উচ্চাকাঙ্খার জন্য তিনি পরিচিত। ইউলিয়ান নাগেলসমান একজন অত্যন্ত দায়িত্বশীল এবং আন্তরিক মানুষ, যাকে আমরা সবাই সম্মান করি।”
উত্তর আমেরিকা বিশ্বকাপে নাগেলসমানের কোচিংয়ে দুর্দান্ত শুরু পায় জার্মানি। নবাগত কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দেয় তারা। পরের ম্যাচ আইভরি কোস্টের বিপক্ষে ২-১ গোলে জিতে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
জার্মানির মুদ্রার উল্টো পিঠও দেখে গ্রুপ পর্বে; নিজেদের শেষ ম্যাচে একুয়েডরের বিপক্ষে ২-১ গোলে হেরে যায় তারা। তবু, ‘ই’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে উঠে এসেছিল নাগেলসমানের দল। কিন্তু, বিবর্ণতা কাটিয়ে উঠতে পারেনি তারা; বিদায় নেয় প্যারাগুয়ের বিপক্ষে হেরে।
চারদিকে সমালোচনা হলেও, নাগেলসমানের কোনো দায় দেখেননি কান। কিংবদন্তি এই গোলকিপার বরং সমস্যা দেখেছিলেন, আরও গভীরে; খেলোয়াড়দের মানসিকতায়। কিন্তু নাগেলসমান সরেই দাঁড়ালেন।
নতুন কোচ নিয়েগোর জন্য আলোচনা শুরু করেছে ডিএফবি। তারা জানিয়েছে প্রাথমিকভাবে আগ্রহ দেখিয়েছেন অভিজ্ঞ কোচ ইয়ুর্গেন ক্লপ।
